ফরিদপুরে গুজব ছড়িয়ে ট্রাকচালককে হত্যার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক May 04, 2026
ফরিদপুরে গুজব ছড়িয়ে ট্রাকচালককে হত্যার ঘটনায় মামলা

ফরিদপুরে গুজব ছড়িয়ে ট্রাকচালককে পিটুনি দিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

ফরিদপুরে গুজব ছড়িয়ে ট্রাকচালককে পিটুনি দিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল রোববার রাতে নিহত ট্রাকচালক হান্নান শেখের বাবা শাহিদ শেখ নগরকান্দা থানায় হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হান্নান শেখ (৩০) পেশায় ট্রাকচালক। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামের বাসিন্দা। ১ মে রাত ৮টার দিকে তালমা বাজারের উদ্দেশে যাওয়ার সময় তাঁর ট্রাকটি সালথা উপজেলার রসুলপুর বাজারের কাছে একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় পথচারী ও লোকজন ট্রাকটি থামানোর চেষ্টা করেন। অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহীরা ট্রাকটি থামাতে পেছন থেকে ধাওয়া করেন। তাঁরা ফেসবুক লাইভে এসে ট্রাকটি থামানোর জন্য বিভিন্ন লোককে ট্রাকের সামনে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরির আহ্বান জানান। তাঁরা গুজব ছড়ান যে ট্রাকটি বেপরোয়া ও দ্রুতগতিতে চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে ২০-৩০ জন লোক মেরে ফেলেছে। এজাহারে আরও উল্লেখ করা হয়, রাত আনুমানিক ৯টার দিকে নগরকান্দা উপজেলার দক্ষিণ বিলনালিয়া নতুন হাট এলাকার মুন্সি স্টোর নামের একটি দোকানের সামনে এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে আটকে যায়। তখন পেছন থেকে অজ্ঞাতমানা ১০০ থেকে ১৫০ জন লোক হান্নান শেখ, তাঁর সহকারী আল আমিন মোল্লা (৩২) ও নাইম শেখকে (২৬) ট্রাকের কেবিন থেকে নামিয়ে লাঠি, রডসহ দেশি বিভিন্ন অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করেন। এতে তাঁরা গুরুতর আহত হন। পরে পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হান্নানকে মৃত ঘোষণা করেন। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল সামদানী বলেন, গুজব ছড়ানো মোটরসাইকেল আরোহীসহ জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিয���ন শুরু করেছে পুলিশ।

Published: প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৯: ৪১

Source: https://www.prothomalo.com/bangladesh/district/0stgzcpo6x

পুলিশ দুর্ঘটনা মামলা হত্যা নগরকান্দা ঢাকা বিভাগ ফরিদপুর

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!