১৯ দিনেই প্রবাসী আয় এসেছে প্রায় আড়াই বিলিয়ন ডলার
![]()
ঈদুল আজহার কারণে প্রবাসী বাংলাদেশিরা বেশি অর্থ পাঠাচ্ছেন। চলতি মে মাসের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ ডলার।
ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা দেশে অর্থ পাঠানো বাড়িয়েছেন। ফলে চলতি মাসের প্রথম ১৯ দিনেই প্রায় আড়াই বিলিয়ন প্রবাসী আয় পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
এতে দেখা গেছে, চলতি মে মাসের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স–প্রবাহ বেড়েছে ৩৮ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে ১৯ মে পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ১৮১ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স।
ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসীরা বেশি অর্থ পাঠাচ্ছেন। এতে প্রবাসী আয় বেড়েছে। এভাবে আয় আসতে থাকলে ঈদের আগে তিন বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে।
এদিকে প্রবাসী আয় বাড়ায় ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত তৈরি হয়েছে। ফলে বাংলাদেশ ব্যাংক প্রতিনিয়ত ডলার কিনে রিজার্ভ বাড়াচ্ছে। আজও চার ব্যাংক থেকে সাত কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এতে প্রতি ডলারের দাম ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।
Published: প্রকাশ: ২০ মে ২০২৬, ১২: ৩৬
Comments
No comments yet
Be the first to share your thoughts!