Home Articles ক্যাম্পাস

পর্দা নামল নটর ডেম বিশ্ববিদ্যালয় সিএসই ফেস্টের

নিজস্ব প্রতিবেদক May 18, 2026
পর্দা নামল নটর ডেম বিশ্ববিদ্যালয় সিএসই ফেস্টের

এনডিইউবি সিএসই ফেস্ট ২০২৬-এর সমাপনী অনুষ্ঠিত। শেষ হলো নটর ডেম বিশ্ববিদ্যালয় সিএসই ফেস্ট, অংশগ্রহণকারী ৮৬টি বিশ্ববিদ্যালয় দল

প্রযুক্তি, উদ্ভাবন ও সৃজনশীলতায় নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে শেষ হলো তিন দিনব্যাপী ‘এনডিইউবি সিএসই ফেস্ট ২০২৬’। দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং প্রযুক্তিপ্রেমীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস পরিণত হয় জ্ঞান, প্রতিযোগিতা ও উৎসবের এক অনন্য মিলনমেলায়।

গত শনিবার (১৬ মে ২০২৬) সন্ধ্যায় বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে পর্দা নামে তিন দিনব্যাপী এ আয়োজনের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিসটিংগুইশড প্রফেসর ও বুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। এতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি।

অধ্যাপক কায়কোবাদ বলেন, নটর ডেম কলেজের গৌরবময় ঐতিহ্য অনুসরণ করে এনডিইউবিও প্রযুক্তি ও শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল অবস্থান তৈরি করছে। তিনি বলেন, শারীরিক শক্তির সীমাবদ্ধতা থাকলেও মেধাশক্তির বিকাশের কোনো সীমা নেই। জ্ঞানচর্চা, অনুশীলন ও সৃজনশীলতার মাধ্যমে মেধাশক্তিকে আরও সমৃদ্ধ করা সম্ভব। এ সময় তিনি দেশের উন্নয়নে শিক্ষার্থীদের মেধা ও চিন্তাশক্তি বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

ফাদার প্যাট্রিক আধুনিক বিশ্বে সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে মহাকাশ ও চাঁদ নিয়েও নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। শিক্ষার্থীদের তিনি কম্পিউটারকে শুধু একটি যন্ত্র হিসেবে নয়, বরং কল্পনা, উদ্ভাবন ও সমস্যা সমাধানের হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ফাদার চার্লস বি গর্ডন, সিএসসি; রেজিস্ট্রার ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি; ডিন অধ্যাপক অলোক কুমার চক্রবর্তী; সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এইচ এম সাইফুল ইসলাম; প্রোগ্রাম আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ বিভিন্ন প্রতিযোগিতার বিচারকেরা।

এর আগে ১৪ মে ২০২৬ বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ উৎসব শুরু হয়। দ্বিতীয় দিন ১৫ মে ২০২৬ বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘ইন্টারকলেজ স্টেম অলিম্পিয়াড’। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার প্যাট্রিক, সহ-উপাচার্য ফাদার চার্লস, রেজিস্ট্রার ব্রাদার সুবলসহ অনেকেই উপস্থিত ছিলেন। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে নটর ডেম কলেজের অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। চতুর্থ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।

১৬ মে ২০২৬ অনুষ্ঠিত হয় উৎসবের মূল আকর্ষণ ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট (আইইউপিসি)। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক এ বি এম শাখাওয়াত আলী, গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শরিফ উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৮৬টি দল অংশ নেয়। এতে সেরা সাতটি দলকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ হয় যথাক্রমে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট আগডুম), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়ট সুপারনোভা) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট গডফাদার্স)।

একই দিনে অনুষ্ঠিত হয় ‘কোডের গণ্ডি পেরিয়ে: নৈতিকতা, যুক্তিবোধ ও প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং’ শীর্ষক সেমিনার। এতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, অ্যাসোসিয়েশন ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ফারজানা আলম, সাউথইস্ট ইউনিভার্সিটির সিএসই বিভাগের চেয়ারম্যান শাহরিয়ার মনজুর, এনডিইউবির ডিন অধ্যাপক অলোক কুমার চক্রবর্তী এবং ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম থিওটোনিয়াস গনসালভেস।

সমাপনী অনুষ্ঠানে ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্টসহ সিএসসি ফেস্টের সব প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। আয়োজনের ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল বিজ্ঞানচিন্তা।

Published: আপডেট: ১৮ মে ২০২৬, ১৩: ২৬

Source: https://www.prothomalo.com/education/campus/67zmrovaa7

বেসরকারি বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি শিক্ষার্থী ক্যাম্পাস ভর্তি নীতিমালা উচ্চশিক্ষা ভর্তি পরীক্ষা

Comments

No comments yet

Be the first to share your thoughts!