নেটফ্লিক্সের তালিকার শীর্ষে থাকা ‘মাই রয়্যাল নেমেসিস’ সিরিজে কী আছে

মুক্তির পরপরই আলোচনার জন্ম দিয়েছে কোরীয় সিরিজ ‘মাই রয়্যাল নেমেসিস’। নেটফ্লিক্সের আলোচিত সিরিজটি অ–ইংরেজিভাষী সিরিজের তালিকার শীর্ষে উঠে গিয়েছে।
এসবিএসের এই রোমান্টিক কমেডিতে শিন সিও-রি নামের এক অখ্যাত অভিনেত্রীর গল্প দেখানো হয়েছে। তাঁর শরীরে জোসন যুগের এক কুখ্যাত ভিলেন নারীর আত্মা ভর করে। এরপর চা সে-গ্যে নামে একজনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি করে। কখনো কখনো সম্পর্কটি ঘৃণায়ও রূপ নেয়।
ফ্লিক্সপ্যাট্রলের তথ্য অনুযায়ী, সিরিজটি নেটফ্লিক্স কোরিয়ার দৈনিক টপ ১০ সিরিজ তালিকায় শীর্ষে ছিল। এ ছাড়া যুক্তরাষ্ট্র, স্পেন, পোল্যান্ড ও জাপানসহ ৮৪টি দেশ ও অঞ্চলে এটি শীর্ষ দশে জায়গা করে নেয়। ব্রাজিল, তাইওয়ান, কাতার, পেরু ও সিঙ্গাপুরসহ ২৪টি বাজারে এটি এক নম্বর স্থান দখল করে।
কোরিয়া টাইমস লিখেছে, শত্রুতা থেকে প্রেমে রূপ নেওয়া গল্প, ভিন্নধর্মী চরিত্র, লিম জি-ইয়নের শক্তিশালী অভিনয়, সুসংহত চিত্রনাট্য এবং পরিচালনার কারণে নাটকটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে।
এ পর্যন্ত মুক্তি পাওয়া দুই পর্বে দেখা গেছে, জোসন যুগের সেই ভিলেন নারী একুশ শতকে এসে আধুনিক জীবনের সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছেন। একই সঙ্গে একজনের সঙ্গে তাঁর প্রথম হাস্যরসাত্মক সাক্ষাৎও দর্শকদের মন কাড়ে। সিরিজে লিম জি–ইয়ন, হিও নাম-জুনসহ অনেকে অভিনয় করেছেন।
কোরিয়া টাইমস অবলম্বনে
Published: প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৩: ১৫
Source: https://www.prothomalo.com/entertainment/ott/v1werv1dop
Comments
No comments yet
Be the first to share your thoughts!