Home Articles বিশ্ব চলচ্চিত্র

যৌন দৃশ্য আড়ালে শুটিং নয়...

বিনোদন ডেস্ক May 19, 2026

‘আমি সব সময় যৌন দৃশ্য খুব সোজাসাপ্টাভাবে ধারণ করতে চেয়েছি, ঠিক যেমন শুটিংয়ে অন্য দৃশ্যগুলো ধারণ করা হয়।’

যৌন দৃশ্যকে সিনেমায় অনেক সময় অতিরঞ্জিত, কৃত্রিম কিংবা কেবল দর্শক আকর্ষণের উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু ফরাসি নির্মাতা পিয়ের ল্য গাল তাঁর নতুন চলচ্চিত্রে যৌনতাকে দেখাতে চেয়েছেন একেবারে সরল ও বাস্তবভাবে। সেই অভিজ্ঞতা নিয়ে সিনেইউরোপার সঙ্গে খোলাখুলি কথা বলেছেন এই নির্মাতা। তাঁর ‘ফ্লেশ অ্যান্ড ফুয়েল’ সিনেমাটি ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে ক্রিটিকস উইক বিভাগে মনোনয়ন পেয়েছে।

সাক্ষাৎকারে ফরাসি এই নির্মাতা বলেন, ‘আমি সব সময় যৌন দৃশ্য খুব সোজাসাপ্টাভাবে ধারণ করতে চেয়েছি, ঠিক যেমন শুটিংয়ে অন্য দৃশ্যগুলো ধারণ করা হয়। যৌন দৃশ্যের উপস্থাপনাটি বাস্তবসম্মত হওয়া আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমি কোনোভাবেই এটিকে মিষ্টি করে বা রোমান্টিক করে, অরোপিত করে দেখাতে চাইনি।’

পিয়ের ল্য গাল স্পষ্ট করে আরও জানিয়েছেন, তাঁর সিনেমায় উঠে এসেছে ফ্রান্সের ট্রাকচালকদের জগৎ ঘিরে গল্প। এমন গল্প ও চরিত্রের জন্য যেগুলো স্বাভাবিক সেটাই তুলে ধরা। করোনার সময়ে তিনি সিনেমাটির গল্প নিয়ে কাজ শুরু করেন। সে সময় তিনি ট্রাকচালকদের জীবনের ঘটনাগুলো কাছ থেকে দেখেছেন। তিনি জানান, এমন চরিত্রের দৃশ্যে যেন মানবিকতা ও একধরনের হাস্যরস থাকে সেটা চেষ্টা করেছেন।

মূলত এ কারণেই ফরাসি এই নির্মাতা যৌন দৃশ্যের শুটিং নিয়ে আড়ালের আশ্রয় নিতে চান না। এ ক্ষেত্রে তিনি অনুপ্রেরণা পেয়েছেন মার্কিন নির্মাতা আইরা স্যাকসের কাছ থেকে। বিশেষ করে এই মার্কিন নির্মাতার ‘প্যাসেজেস’ তাঁকে বেশি অনুপ্রাণিত করেছে। কারণ, চলচ্চিত্রে চরিত্রদের ঘনিষ্ঠ সম্পর্কগুলোকে খুব ন্যাচারালভাবে দেখানো হয়েছে। তাঁর মতে, ‘এই সিনেমার যৌন দৃশ্যে ঘাম, অস্বস্তি, শরীরী ভাষা—বাস্তব জীবনের মতো করে ফুটে উঠেছে।’

পিয়ের ল্য গাল এই সময় ‘প্যাসেজেস’ সিনেমার প্রধান চরিত্রের অভিনেতা ফ্রাঞ্জ রগোভস্কি ও আদেল এক্সারকোপুলোসের অভিনয় নিয়েও প্রশংসা করেন। তিনি সাক্ষাৎকারে বলেন, ‘চরিত্রটি ঘনিষ্ঠ মুহূর্তে ভারসাম্য হারিয়ে হেসে ওঠে; দর্শকরাও সেই হাসিতে অংশ নেয়। যা আমার কাছে ন্যাচারাল মনে হয়েছে, অতিরঞ্জিত নয়। এটাও আমাকে চিত্রনাট্য লিখতে প্রভাব ফেলেছে। যে কারণে আমার সিনেমাটি শুধু শারীরিক সম্পর্কের গল্প হয়ে থাকেনি; বরং ধীরে ধীরে রূপ নিয়েছে কোমলতা ও মানবিক স্পর্শের অনুসন্ধানে।’

Published: প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৫: ০০

Source: https://www.prothomalo.com/entertainment/world-cinema/q4btf1ums6

সিনেমা তারকা কান চলচ্চিত্র উৎসব

Comments

No comments yet

Be the first to share your thoughts!