Home Articles জেলা

উপাচার্যের কার্যালয়ে দ্বিতীয় দিনেও ঝুলছে ছাত্রদলের দেওয়া তালা

প্রতিনিধি May 06, 2026
উপাচার্যের কার্যালয়ে দ্বিতীয় দিনেও ঝুলছে ছাত্রদলের দেওয়া তালা

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্রদলের তালা দ্বিতীয় দিনেও ঝুলছে। আজ বুধবারও উপাচার্য মো. আতিয়ার রহমান কার্যালয়ে আসেননি।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে দেওয়া ছাত্রদলের তালা এখনো ঝুলছে। আজ বুধবার দ্বিতীয় দিনেও কার্যালয়ে আসেননি উপাচার্য মো. আতিয়ার রহমান। ছাত্রদলের নেতা-কর্মীদের দাবি, উপাচার্য পদত্যাগ অথবা তাঁকে অপসারণ না করা পর্যন্ত তাঁর কার্যালয়ে তালা ঝুলবে।

এর আগে গতকাল মঙ্গলবার উপাচার্য মো. আতিয়ার রহমানের পদত্যাগের দাবিতে তাঁর কার্যালয়ে তালা দেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, স্থানীয় সংস্কৃতির প্রতি অবমাননার অভিযোগ আনেন তাঁরা। তবে তালা দেওয়ার সময় উপাচার্য ক্যাম্পাসে ছিলেন না।

আজ সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপাচার্যের দপ্তরের মূল ফটকে তালা ঝুলছে। এ কার্যালয়ের দপ্তরে কর্মরত কর্মচারীরা রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান করছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মচারী জানান, তাঁদের কার্যালয়ে তালা থাকায় দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কবে নাগাদ এ কার্যক্রম স্বাভাবিক হবে, তা তাঁদের অজানা।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন বলেন, ‘কার্যালয় এখনো তালাবদ্ধ রয়েছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, তিনি গতকাল ঢাকায় ছিলেন। এখন রাঙামাটি রয়েছেন। কার্যালয়ে যাঁরা তালা দিয়েছেন, যাঁরা এগুলো করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। দ্রুত বিষয়টি সমাধান হবে বলে তিনি আশা করছেন।

ছাত্রদলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে আতিয়ার রহমান বলেন, ‘এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। তারা (ছাত্রদল) নির্দিষ্ট কোনো লিখিত দাবি আমাকে জানায়নি। এসবের প্রমাণও দিতে পারেনি।’

Published: প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০: ৫১

Source: https://www.prothomalo.com/bangladesh/district/i6d6pcfbzo

শিক্ষাপ্রতিষ্ঠান পার্বত্য চট্টগ্রাম ছাত্রদল চট্টগ্রাম বিভাগ রাঙামাটি

Comments

No comments yet

Be the first to share your thoughts!