Home Articles বলিউড

সালমানকে নিয়ে বদনাম! কাজল বলেন, ‘বলিউডে কিছুই সময়মতো হয় না’

প্রতিনিধি July 22, 2026
সালমানকে নিয়ে বদনাম! কাজল বলেন, ‘বলিউডে কিছুই সময়মতো হয় না’

অভিনেত্রী কাজল আগরওয়াল দক্ষিণি ও হিন্দি—দুই চলচ্চিত্রজগতেই কাজ করেছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, কেন বলিউডের তুলনায় দক্ষিণি সিনেমার দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, হিন্দি ইন্ডাস্ট্রির দক্ষিণের কাছ থেকে কী শেখার আছে। এ ছাড়া সালমান খানের সঙ্গে কাজের তিক্ত অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

শুভংকর মিশ্রকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল জানান, তিনি খুব বেশি বলিউডের ছবি করেননি। এর কারণ, দক্ষিণে যে ধরনের ছবির প্রস্তাব তিনি পেয়েছেন, সেগুলোর মান হিন্দি ছবির প্রস্তাবের তুলনায় ভালো ছিল। তাঁর কথায়, তিনি যে ধরনের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন, সেগুলো দক্ষিণি চলচ্চিত্রেই বেশি পেয়েছেন। তাই শুধু বলিউডে কাজ করার জন্য গড়পড়তা চরিত্রে অভিনয় করতে চাননি।

বলিউডের দক্ষিণি ছবির দুনিয়ার থেকে কী শেখা উচিত, এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, ‘বলিউডের দক্ষিণ থেকে সময়নিষ্ঠা শেখা উচিত। বলিউডে কোনো কিছুই সময়মতো হয় না। দক্ষিণে সবাই ঘড়ি ধরে কাজ করেন। আমারও সময়মতো সেটে পৌঁছানোর অভ্যাস আছে।’

‘সিকান্দার’ ছবিতে সালমান খানের সঙ্গে কাজ করেছেন কাজল। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘সালমান খানের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার জন্য আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম। কিন্তু আমাকে সবচেয়ে বেশি সময় ধরে তাঁর জন্যই অপেক্ষা করতে হয়েছে। আমি ভাবছিলাম, আসলে কী হচ্ছে! তিনি দুপুর বা সন্ধ্যার দিকে সেটে আসতেন। তাই আমি সেই সময় জিমে চলে যেতাম। জিম সেটেই ছিল। দীর্ঘ সময় ধরে দক্ষিণি ইন্ডাস্ট্রিতে কাজ করার কারণে আমি সময়নিষ্ঠা এবং শৃঙ্খলার সঙ্গে অভ্যস্ত।’

কাজল আগরওয়ালকে ‘দ্য ইন্ডিয়া স্টোরি’ ছবিতে দেখা যাবে। চেতন ডিকে পরিচালিত এ ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন শ্রেয়স তলপাড়ে। ছবিটি ২৪ জুলাই মুক্তি পাবে।

Published: প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৩: ০০

Source: https://www.prothomalo.com/entertainment/bollywood/3htyuhybix

দক্ষিণী সিনেমা দক্ষিণী সুপারস্টার সালমান খান কাজল আগরওয়াল তারকার মামলা

Comments

No comments yet

Be the first to share your thoughts!