Home Articles প্রযুক্তি

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য চালু হচ্ছে মেটা অ্যাকাউন্ট

আহসান হাবীব April 26, 2026
ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য চালু হচ্ছে মেটা অ্যাকাউন্ট

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ব্যবস্থাপনা সহজ ও নিরাপদ করতে ‘মেটা অ্যাকাউন্ট’ নামের নতুন একটি সমন্বিত নিরাপত্তাব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে মেটা। নতুন এই ব্যবস্থার মাধ্যমে একাধিক অ্যাপ ও যন্ত্রে ব্যবহার করা নিরাপত্তা সেটিংস এক জায়গা থেকেই নিয়ন্ত্রণ করা যাবে। অর্থাৎ, ব্যবহারকারীরা চাইলে মেটার সব সেবার জন্য একটি একক পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। এতে একাধিক লগইনের তথ্য মনে রাখার প্রয়োজন হবে না। মেটা জানিয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ তাদের বিভিন্ন সেবার পরিসর দ্রুত বাড়ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন যন্ত্রের ব্যবহার। এর ফলে ব্যবহারকারীদের একাধিক অ্যাকাউন্ট, নাম ও লগইন–সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা ক্রমেই জটিল হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে বিদ্যমান অ্যাকাউন্টস সেন্টারের সীমাবদ্ধতা কাটিয়ে নতুন ‘মেটা অ্যাকাউন্ট’ ব্যবস্থা চালু করা হচ্ছে। আগামী এক বছরে ধাপে ধাপে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে। নতুন এ সুবিধার পাশাপাশি যুক্ত হচ্ছে ‘পাসকি’–সুবিধা, যার মাধ্যমে আঙুলের ছাপ বা মুখ শনাক্তকরণের মতো বায়োমেট্রিক পদ্ধতিতে দ্রুত ও নিরাপদে লগইন করা যাবে। নিরাপত্তা জোরদারে ব্যবহারকারীদের জন্য স্বয়ংক্রিয় পরামর্শ ও সতর্কবার্তার ব্যবস্থাও রাখা হয়েছে। মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন চালুর সুপ��রিশ কিংবা সন্দেহজনক লগইন শনাক্ত হলে তাৎক্ষণিক সতর্কতা দেওয়া হবে। মেটা অ্যাকাউন্টের সেন্ট্রাল ড্যাশবোর্ড থেকে পাসওয়ার্ড, ই-মেইল ঠিকানা এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশনসহ বিভিন্ন শেয়ার করা সেটিংস একসঙ্গে নিয়ন্ত্রণ করা যাবে। এর ফলে আলাদা আলাদা অ্যাপে গিয়ে একই তথ্য বারবার হালনাগাদ করার প্রয়োজন থাকবে না। শুধু তা–ই নয়, অভিভাবকেরা ‘ফ্যামিলি সেন্টার’ পোর্টালের মাধ্যমে মেটার একাধিক সেবায় সন্তানের অনলাইন কার্যক্রম এক জায়গা থেকেই পর্যবেক্ষণ করতে পারবেন। মেটা অ্যাকাউন্ট–সুবিধা চালু হলেও ব্যবহারকারীরা চাইলে বর্তমানের মতোই ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিরাপত্তাব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারবেন। এ ছাড়া ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় তাঁদের অ্যাকাউন্টগুলো সংযুক্ত বা বিচ্ছিন্ন করার সুযোগ পাবেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Published: প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮: ৫৪

Source: https://www.prothomalo.com/technology/lgzwe1cux6

মেটা ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ

Comments

No comments yet

Be the first to share your thoughts!