Home Articles বাংলাদেশ

স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালককে তলব

নিজস্ব প্রতিবেদক April 30, 2026
স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালককে তলব

নিয়োগের নির্দেশ অমান্য করায় স্বাস্থ্যসেবা মহাপরিচালককে আদালতে তলব করেছেন হাইকোর্ট, ১৯ মে উপস্থিতির নির্দেশ।

আদালতের রায়ের নির্দেশনা প্রতিপালন না হওয়ায় স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৯ মে তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্যাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান। পরে আইনজীবী সিদ্দিক উল্যাহ মিয়া প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন জেলা পর্যায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদে নিয়োগের জন্য ২০১৪ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর আলোকে রিট আবেদনকারী ২৫ জনসহ অনেকে নিয়োগ পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও এই ২৫ জনকে নিয়োগ দেওয়া হয়নি। এ নিয়ে ২০২১ সালে তাঁরা রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ২০২২ সালের ৯ মার্চ রায় দেন। তাতে রিট আবেদনকারীদের নিয়োগ দিতে নির্দেশ দেন। তবে তাঁরা নিয়োগ পাননি। এ অবস্থায় ২০২৩ সালে স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদন করা হয় বলে জানান আইনজীবী সিদ্দিক উল্যাহ মিয়া। তিনি বলেন, হাইকোর্ট আদালত অবমাননার রুল দেন। এর ধারাবাহিকতায় গত বছরের ১০ ডিসেম্বর হাইকোর্ট সচিবসহ বিবাদীদের লিখিত জবাব দিতে বলেন। জবাবে দেখা যায়, রিট আবেদনকারীরা (২৫ জন) বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এরপর হাইকোর্টের রায় ১৫ দিনের মধ্যে বাস্তবায়ন চেয়ে আবেদন করেন তাঁরা। হাইকোর্ট ৫ মার্চ এক আদেশে রিট আবেদনকারীদের নিয়োগের রায় ২৩ এপ্রিলের মধ্যে বাস্তবায়ন করতে নির্দেশ দেন। এ সত্ত্বেও ২৫ জনকে নিয়োগ দেওয়া হয়নি। তাই স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালককে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়ার আরজি জানানো হয়। শুনানি নিয়ে হাইকোর্ট স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালককে ১৯ মে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন বলে জানান সিদ্দিক উল্যাহ মিয়া।

Published: প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৪: ৩৫

Source: https://www.prothomalo.com/bangladesh/br2e1ipfvy

স্বাস্থ্য মন্ত্রণালয় আদালত হাইকোর্ট স্বাস্থ্য অধিদপ্তর আইন ও আদালত

Comments

No comments yet

Be the first to share your thoughts!