Home Articles বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনের দিকে বিশ্ববাসী তাকিয়ে আছে: সিইসি

বিশেষ প্রতিবেদক August 19, 2026
রাষ্ট্রপতি নির্বাচনের দিকে বিশ্ববাসী তাকিয়ে আছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন জানান, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিশ্ববাসীর নজর রয়েছে, আগ্রহের কেন্দ্রে রয়েছেন নতুন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বিশ্ববাসী তাকিয়ে আছে, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। বিশ্ববাসী তাকিয়ে আছে, বাংলাদেশে কে রাষ্ট্রপতি হচ্ছেন।

আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এর আগে আজ বুধবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে নির্বাচনের বিষয়ে কথা বলেন সিইসি।

এক প্রশ্নের জবাবে ‘বিশ্ববাসী তাকিয়ে আছে’ বলার কারণ ব্যাখ্যা করেন সিইসি। তিনি বলেন, দেশে একটি গণ–অভ্যুত্থান হয়েছে। একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করেছেন। এখন কে রাষ্ট্রপতি হবেন তা সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। যদি বিদায়ী রাষ্ট্রপতি মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ না করতেন, তাহলে হয়তো মানুষের এত আগ্রহ থাকত না।

সিইসি বলেন, নির্বাচনের তফসিল অনুযায়ী আগামীকাল বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট হবে। তিনি নির্বাচন পরিচালনা করবেন। নির্বাচনে সহায়তা করার জন্য কমিশন থেকে ২০ জনের তালিকা সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে। নির্বাচন আয়োজনে সংসদ সচিবালয় ইসিকে সব ধরনের সহযোগিতা করছে। তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতির মধ্যে কোনো ঘাটতি নেই।

রাষ্ট্রপতি নির্বাচনের ব্যয় সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, তিনি এ নির্বাচনে বড় ধরনের অতিরিক্ত খরচ দেখছেন না। ব্যালট পেপার ছাপানো ও কাগজপত্র-স্টেশনারির মতো কিছু খরচ ছাড়া নির্বাচন কমিশনের অতিরিক্ত ব্যয় তেমন নেই। সংসদ ভবনে বৈঠক আয়োজনের বিদ্যুৎ, শীতাতপ নিয়ন্ত্রণসহ অন্যান্য ব্যয় সংসদ সচিবালয়ের।

এ সময় সিইসি বলেন, ‘অনেক পত্রপত্রিকা (দেখে) তো মনে হচ্ছে যেন আমরা কোটি কোটি টাকা খরচ করতেছি...। কিন্তু আসলে সে রকম কিছু না।’

Published: প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১: ১১

Source: https://www.prothomalo.com/bangladesh/nmte0zgx61

তফসিল রাষ্ট্রপতি নির্বাচন সিইসি গণ-অভ্যুত্থান

Comments

No comments yet

Be the first to share your thoughts!