জেল–মামলার মধ্যেই রাজপালের ১২০০ কোটি টাকার ১২ সনেমা

গত কয়েক মাসে অভিনয়ের চেয়ে আইনি ও আর্থিক জটিলতা নিয়েই বেশি আলোচনায় ছিলেন রাজপাল যাদব। চেক বাউন্স মামলায় কারাগারে যাওয়া, আদালতে দৌড়ঝাঁপ, কোটি কোটি টাকার ঋণ, এমনকি পৈতৃক সম্পত্তি নিলামের মুখে পড়ার খবরও এসেছে। এর মধ্যেই ক্যারিয়ার নিয়ে বড় খবর দিলেন বলিউডের জনপ্রিয় এই কৌতুক অভিনেতা। একসঙ্গে ১২টি ছবির দীর্ঘমেয়াদি একটি প্রকল্পে যুক্ত হয়েছেন তিনি। ছবিগুলোর সম্মিলিত বাজেট প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা।
‘দ্য কিং অব ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড’ নামে এ প্রকল্পে মোট ১২টি অধ্যায় থাকবে। প্রতিটি অধ্যায়কে আলাদা ছবি হিসেবে নির্মাণের পরিকল্পনা রয়েছে। আগামী ১০ বছরের বেশি সময় ধরে ধাপে ধাপে ছবিগুলো মুক্তি পাওয়ার কথা। প্রকল্পটির সঙ্গে ফক্স স্টুডিও যুক্ত রয়েছে। ২০২৭ সালে শুরু হওয়ার কথা শুটিং। এই দীর্ঘমেয়াদি প্রকল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাজপাল যাদবকে।
নতুন কাজের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন রাজপাল নিজেই। তিনি লিখেছেন, ‘একজন শিল্পী হিসেবে আমি সব সময় অর্থবহ কাজ করতে চাই। “দ্য কিং অব ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড”-এর এই ১২টি অধ্যায় আমার কাছে সিনেমার প্রতি ভালোবাসাকে দেশ ও বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার দারুণ সুযোগ। এ ভাবনার প্রতি আস্থা রাখার জন্য ড. অজয় কুমার, কেভিন কিশোর কৌল এবং পুরো ফোকাস পেট্রোলিয়াম গ্রুপের কাছে আমি কৃতজ্ঞ।’
এ প্রকল্পকে কোনো একজনের স্বপ্ন হিসেবে দেখছেন না রাজপাল। এর সঙ্গে যুক্ত পুরো দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘পুরো দল, ইউনিটের প্রত্যেক সদস্য, শিল্পী, কলাকুশলী ও শুভাকাঙ্ক্ষীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এটি কোনো একজন মানুষের স্বপ্ন নয়, সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা যখন একসঙ্গে নতুন এই অধ্যায় শুরু করছি, তখন এত অসাধারণ মানুষকে পাশে পাওয়া আমার জন্য সত্যিই সৌভাগ্যের। সবার আশীর্বাদ ও সহযোগিতায় এমন কিছু তৈরি করতে চাই, যা আগামী বহু বছর মনে থাকবে।’
রাজপালের ক্যারিয়ারে বড় এ কাজের খবর এল এমন এক সময়ে, যখন ব্যক্তিজীবনে আইনি ও আর্থিক চাপের মধ্যে রয়েছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রায় ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় তাঁকে তিহার কারাগারে আত্মসমর্পণ করতে হয়েছিল। পরে দিল্লি হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিনে মুক্তি পান।
এরপর গত ১০ জুলাই সাতটি চেক বাউন্স মামলায় রাজপালের দোষী সাব্যস্ত হওয়ার রায় বহাল রাখেন দিল্লি হাইকোর্ট। তবে আগের সাজা কমিয়ে প্রতিটি মামলায় তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাতটি মামলার সাজা একই সঙ্গে চলবে বলেও জানান আদালত। পাশাপাশি প্রতিটি মামলায় ১ কোটি ৫ লাখ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়।
আইনি জটিলতার পাশাপাশি আর্থিক চাপও কমেনি। প্রায় ১৬ কোটি ৬১ লাখ টাকার ব্যাংকঋণ পরিশোধ না করয় উত্তর প্রদেশের শাহজাহানপুরে রাজপালের দুটি পৈতৃক সম্পত্তি নিলামে তোলার প্রক্রিয়া শুরু করেছে সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া। আগামী ৯ সেপ্টেম্বর নিলামের দিন নির্ধারণ করা হয়েছে। নিলামে তোলা সম্পত্তি দুটির মোট সংরক্ষিত মূল্য প্রায় ৩ কোটি ১৯ লাখ টাকা।
দীর্ঘদিন ধরে চলা এসব আইনি জটিলতার মধ্যেও অবশ্য রাজপালের অভিনয়ের ব্যস্ততা থামছে না। সম্প্রতি ‘মালামাল উইকলি ২’-এর অভিনয়শিল্পীদের তালিকাতেও তাঁর নাম এসেছে। ছবিটিতে রিতেশ দেশমুখ, পরেশ রাওয়াল ও এলভিশ যাদবের সঙ্গে তাঁকে দেখা যাওয়ার কথা। বছরের শেষ দিকে ছবিটির কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। দুই দশকের বেশি সময় ধরে বলিউডে কৌতুকাভিনয়ে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন রাজপাল যাদব। ‘চুপ চুপ কে’, ‘ঢোল’, ‘মালামাল উইকলি’, ‘ফির হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’সহ বহু ছবিতে তাঁর অভিনয় দর্শকের মনে জায়গা করে নিয়েছে।
সাম্প্রতিক আইনি ও আর্থিক সংকট তাঁর ক্যারিয়ার নিয়েও অনিশ্চয়তা তৈরি করেছিল। সে সময়ই ১ হাজার ২০০ কোটি টাকার ১২ ছবির দীর্ঘমেয়াদি প্রকল্পে যুক্ত হওয়ার খবর এল। এখন দেখার বিষয়, ‘দ্য কিং অব ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড’ রাজপালের ক্যারিয়ারে নতুন কোনো অধ্যায়ের সূচনা করে কি না।
Published: প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১: ১৫
Source: https://www.prothomalo.com/entertainment/bollywood/mngkymnio4
Comments
No comments yet
Be the first to share your thoughts!