ফেনীতে এনসিপির কর্মসূচিতে মারামারি, এক নেতাকে সাময়িক অব্যাহতি

ফেনীতে এনসিপির কর্মসূচিতে মারামারি, দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিশৃঙ্খলা ও মারামারির ঘটনায় ফেনী জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব আকবর হোসেনকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই ঘটনায় জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিনকেও কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।
আজ মঙ্গলবার এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক চিঠিতে ফেনী জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব আকবর হোসেনকে সাময়িক অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। এর আগে গত রোববার আরেকটি চিঠিতে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবর ১০ জুলাই ফেনীর সোনাগাজীতে এনসিপি একটি সমাবেশ করে। এতে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে মঞ্চে স্থানীয় নেতাদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। কর্মসূচির শেষেও কয়েক দফায় হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে আকবর হোসেনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। সেই সঙ্গে দলটির দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি লঙ্ঘনের দায়ে কেন আকবর হোসেনের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না, তা লিখিতভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে। নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জবাব দিতে বলা হয়েছে তাঁকে।
তবে অভিযোগ অস্বীকার করে আকবর হোসেন বলেন, ‘আমাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। আমি এই ধরনের কোনো বিশৃঙ্খলার সঙ্গে সম্পৃক্ত নই। যারা প্রকৃতপক্ষে ঘটনাটি ঘটিয়েছে, তারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।’
এদিকে একই ঘটনায় গত রোববার জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিনকেও কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তাঁকে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে এ নিয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
চিঠির বিষয়ে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন বলেন, ‘যেহেতু আমি ওই কর্মসূচির মূল আয়োজক ছিলাম এবং সেখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, শৃঙ্খলা রক্ষায় ত্রুটি থাকার কারণেই হয়তো কেন্দ্র থেকে আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। যথাসময়ের মধ্যে আমি লিখিত জবাব দেব।’
Published: প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৪: ০৮
Source: https://www.prothomalo.com/bangladesh/district/my0qemkcen
Comments
No comments yet
Be the first to share your thoughts!