Home Articles সাইবার–জগৎ

প্রতারণা ঠেকাতে নতুন নিরাপত্তা–সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ

আহসান হাবীব August 16, 2026
প্রতারণা ঠেকাতে নতুন নিরাপত্তা–সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ

ডিজিটাল প্রতারণার ঝুঁকি মোকাবিলায় ‘স্ক্যাম অ্যালার্ট’ নামের নতুন সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ।

অনলাইনে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। প্রতারকেরা ভুয়া বার্তার মাধ্যমে কখনো সরকারি কর্মকর্তা, কখনো কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি, আবার কখনো পরিচিত ব্যক্তির পরিচয় ব্যবহার করে মানুষের ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। ডিজিটাল প্রতারণার এ ঝুঁকি মোকাবিলায় ‘স্ক্যাম অ্যালার্ট’ নামের সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা ফোনে থাকা মেশিন লার্নিং মডেল ব্যবহার করে অপরিচিত ব্যক্তিদের পাঠানো সম্ভাব্য প্রতারণামূলক বার্তা শনাক্ত করার পাশাপাশি ব্যবহারকারীদের সতর্কও করবে। বর্তমানে হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর সুবিধাটির কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, স্ক্যাম অ্যালার্ট একটি ঐচ্ছিক সুবিধা। সুবিধাটি ফোনে থাকা মেশিন লার্নিং মডেল ব্যবহার করায় বার্তা বিশ্লেষণের জন্য কোনো তথ্য ফোনের বাইরে পাঠানো হবে না। শুধু তা–ই নয়, ব্যবহারকারীদের বার্তার গোপনীয়তায় বর্তমানের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি চালু থাকায় কোনো বার্তা ও তথ্য সম্পর্কে হোয়াটসঅ্যাপ বা মেটা জানতে পারবে না।

কোনো বার্তায় প্রতারণার সম্ভাবনা শনাক্ত হলে সংশ্লিষ্ট চ্যাটে সতর্কবার্তা দেখাবে হোয়াটসঅ্যাপ। সেই সতর্কবাতা থেকেই বার্তা পাঠানো অ্যাকাউন্ট ব্লক করার পাশাপাশি হোয়াটসঅ্যাপের কাছে অভিযোগ করা যাবে। ভুল করে প্রতারণামূলক বার্তা হিসেবে শনাক্ত করা হলে সেটিকে ‘বিশ্বস্ত’ হিসেবে চিহ্নিত করতে পারবেন ব্যবহারকারী। চ্যাটটি বিশ্বস্ত হিসেবে চিহ্নিত করলে সতর্কবার্তাটি সরিয়ে দেওয়া হবে এবং ভবিষ্যতে ওই চ্যাটের জন্য আর সতর্কবার্তা দেখাবে না স্ক্যাম অ্যালার্ট।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, ব্যবহারকারী কোনো চ্যাটকে বিশ্বস্ত হিসেবে চিহ্নিত করার পর চাইলে ওই চ্যাটে পাওয়া সর্বশেষ পাঁচটি বার্তা হোয়াটসঅ্যাপের সঙ্গে শেয়ার করতে পারবেন। নতুন সুবিধাটির নির্ভুলতা বাড়াতে এসব বার্তা ব্যবহার করা হবে। ব্যবহারকারী চাইলে যেকোনো সময় স্ক্যাম অ্যালার্ট বন্ধ করতে পারবেন।

সম্প্রতি সাংবাদিক, অধিকারকর্মী ও রাজনৈতিক ব্যক্তিদের ফোনে স্পাইওয়্যার সংক্রমণের ঘটনা ঘটেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন অ্যাপ ব্যবহার করে ‘জিরো-ক্লিক’ প্রযুক্তিনির্ভর স্পাইওয়্যার হামলার চালানো হয়েছে। এ ধরনের হামলায় ব্যবহারকারী কোনো লিংকে ক্লিক বা ফাইল খোলা ছাড়াই ফোনে ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করানো সম্ভব।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

Published: প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮: ২০

Source: https://www.prothomalo.com/technology/cyberworld/0pzz11i6bo

সাইবার নিরাপত্তা সাইবার হামলা নিরাপত্তা প্রতারণা হোয়াটসঅ্যাপ

Comments

No comments yet

Be the first to share your thoughts!