Home Articles জেলা

ময়মনসিংহ মেডিকেলে হামে শিশুমৃত্যু থামছেই না, নতুন ভর্তি ১৯

নিজস্ব প্রতিবেদক May 05, 2026
ময়মনসিংহ মেডিকেলে হামে শিশুমৃত্যু থামছেই না, নতুন ভর্তি ১৯

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত এবং হামের লক্ষণ নিয়ে শিশুমৃত্যু থামছেই না। প্রায় প্রতিদিনই মৃত্যুর ঘটন ঘটছে। গতকাল সোমবার মারা গেছে আরও এক শিশু। এ নিয়ে ২৫ শিশুর মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় নতুন আরও ১৯ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ৭৯ শিশু। মারা যাওয়া ৭ মাস বয়সী শিশু রাবিয়া টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেকিপাড়া গ্রামের আবদুর রহিমের মেয়ে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি হাম আইসোলেশন ওয়ার্ডে মারা যায়। এর আগে ৩০ এপ্রিল শিশুটিকে হামের লক্ষণ নিয়ে ভর্তি করা হয়েছিল। হামের লক্ষণের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইল হওয়ার কারণে শিশুটির মৃত্যু হয়, এমনটি লেখা হয় মৃত্যুসনদে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে হামের লক্ষণ নিয়ে নতুন করে ১৯ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ১ হাজার ৮৮টি শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৮৪ শিশু। মৃত্যু হয়েছে ২৫ শিশুর। বর্তমানে চিকিৎসাধীন ৭৯ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২১টি শিশু। এ সময়ে কোনো শিশুকে রেফার করা হয়নি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ১৯ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।

Published: প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৬: ১২

Source: https://www.prothomalo.com/bangladesh/district/xn651ikbvo

ময়মনসিংহ বিভাগ হাম মৃত্যু হাসপাতাল

Comments

No comments yet

Be the first to share your thoughts!