Home Articles জেলা

কলারোয়ায় বিএনপি ও ছাত্রদলের নেতা–কর্মীদের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক April 28, 2026
কলারোয়ায় বিএনপি ও ছাত্রদলের নেতা–কর্মীদের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতা–কর্মীদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক আসাদুজ্জামান দৈনিক বাংলার দূত পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও দৈনিক সমতট নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক। তিনি কলারোয়া পৌরসভার তুলসিডাঙ্গা এলাকার বাসিন্দা। আসাদুজ্জামান জানান, আজ দুপুর ১২টার দিকে তিনি কলারোয়া প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কলারোয়া পৌর বিএনপির সহসভাপতি আখলাকুর রহমানের নেতৃত্বে কয়েকজন তাঁর ওপর হামলা চালান। হামলাকারীদের মধ্যে আখলাকুর রহমানের ছেলে ছাত্রদল নেতা অঙ্কুর, আবিরসহ বিএনপির কর্মী সিরাজ ও আলতাফ ছিলেন বলে তিনি দাবি করেন। তাঁরা তাঁকে মারধর করলে তিনি মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে প্রেসক্লাবে এবং পরে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগ অস্বীকার করেননি কলারোয়া পৌর বিএনপির সহসভাপতি আখলাকুর রহমান। তিনি বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে একটি অডিও রেকর্ড ছড়িয়ে দিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ‘সামান্য মারধর’ করেছেন। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সফিকুল ইসলাম জানান, আহত সাংবাদিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, বিষয়টি তাঁকে জানানো হয়েছে। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Published: প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৪: ৫৭

Source: https://www.prothomalo.com/bangladesh/district/nqukcmgqbw

পুলিশ জাতীয় প্রেসক্লাব ছাত্রদল চাঁদাবাজি সাংবাদিক বিএনপি কলারোয়া সাতক্ষীরা খুলনা বিভাগ

Comments

No comments yet

Be the first to share your thoughts!