Home Articles জেলা

কিশোরগঞ্জে ঈদে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী–স্ত্রী–সন্তান নিহত

প্রতিনিধি May 26, 2026
কিশোরগঞ্জে ঈদে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী–স্ত্রী–সন্তান নিহত

পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে গ্রামের বাড়ি যাওয়ার পথে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের ৩ নিহত হয়েছেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়ি যাওয়ার পথে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। চালবোঝাই একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

গতকাল সোমবার সন্ধ্যায় মিঠামইন অলওয়েদার সড়কের ভাতশালা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহত তিনজন হলেন মিঠামইন উপজেলা সদরের মহিষারকান্দি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে মনির হোসেন (৩৭), তাঁর স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও তাঁদের ছেলে মুহাম্মদ আয়ান (৮)। মনির হোসেন কিশোরগঞ্জ শহরে দুটি কোচিং সেন্টার পরিচালনা করতেন।

মনির হোসেনের প্রতিবেশী মোজাহিদুল ইসলাম বলেন, গতকাল স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ শহর থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন মনির হোসেন। সন্ধ্যা সাতটার দিকে অষ্টগ্রাম থেকে মিঠামইনে যাওয়ার পথে ভাতশালা এলাকায় বিপরীত দিক থেকে আসা চালবোঝাই পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

বিষয়টি নিশ্চিত করে অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শহীদুল হক বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। স্থানীয় লোকজন পিকআপটি আটক করে রাখেন। পরে চালককে হেফাজতে নেয় পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Published: প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৬: ৩৯

Source: https://www.prothomalo.com/bangladesh/district/tyqx9u6ibz

নিহত সড়ক দুর্ঘটনা ঢাকা বিভাগ কিশোরগঞ্জ

Comments

No comments yet

Be the first to share your thoughts!