হাইব্রিড কর্মপরিবেশে নিরাপত্তা জোরদারে ‘ওয়ার্কস্পেস প্রোটেকশন’ সল্যুশন

তথ্যপ্রযুক্তি ডেস্ক February 03, 2026
হাইব্রিড কর্মপরিবেশে নিরাপত্তা জোরদারে ‘ওয়ার্কস্পেস প্রোটেকশন’ সল্যুশন

হাইব্রিড ও রিমোট কাজের পরিবেশে নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় নতুন সেবা চালু করতে যাচ্ছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস। ‘সফোস ওয়ার্কস্পেস প্রোটেকশন’ নামের এই নতুন সমাধানটি কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণ ও সংবেদনশীল তথ্য...

হাইব্রিড ও রিমোট কাজের পরিবেশে নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় নতুন সেবা চালু করতে যাচ্ছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস। ‘সফোস ওয়ার্কস্পেস প্রোটেকশন’ নামের এই নতুন সমাধানটি কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণ ও সংবেদনশীল তথ্য সুরক্ষায় প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে। আইল্যান্ড প্রযুক্তিনির্ভর সফোস প্রোটেক্টেড ব্রাউজার-এর ওপর ভিত্তি করে তৈরি এই সেবাটি যেকোনও স্থান থেকে কাজ করার সময়ও কার্যকর থাকে। ফলে অফিস ও রিমোট—উভয় পরিবেশেই কর্মীদের কাজ নিরাপদভাবে পরিচালনা করা সম্ভব হবে। সফোস ওয়ার্কস্পেস প্রোটেকশন সরাসরি কর্মপরিবেশকে সুরক্ষা দেওয়ার মাধ্যমে কাজ করে। এতে তথ্যকে আলাদা করে কেন্দ্রীয় অবকাঠামোর ভেতর দিয়ে পাঠানোর প্রয়োজন হয় না, ফলে পরিচালন ব্যয় ও জটিলতা উল্লেখযোগ্যভাবে কমে আসে। এই সেবার মাধ্যমে অ্যাপ্লিকেশন ব্যবহার, ইন্টারনেট অ্যাক্সেস এবং তথ্য ব্যবস্থাপনা—সবকিছুই একই নিরাপত্তা নীতির আওতায় থাকে। সফোসের তথ্যমতে, বর্তমানে প্রায় ৮৫ শতাংশ কাজ ওয়েব ব্রাউজারের মাধ্যমেই সম্পন্ন হয়, ফলে ব্রাউজারভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা হাইব্রিড কর্মপরিবেশে নিয়ন্ত্রণ ও সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে কর্মীদের কাজের গতি ব্যাহত না করেই অফিস ও দূরবর্তী উভয় পরিবেশে নিরাপত্তা নীতিমালা প্রয়োগ করা সম্ভব। জেনারেটিভ এআইসহ নতুন প্রযুক্তি দ্রুত কর্মক্ষেত্রের অংশ হয়ে উঠলেও, এসব টুল কীভাবে ব্যবহৃত হচ্ছে এবং কোন ধরনের তথ্য সেখানে শেয়ার করা হচ্ছে—তা অনেক প্রতিষ্ঠানের জন্য এখনো বড় চ্যালেঞ্জ। গবেষণায় দেখা গেছে, বিশ্বজুড়ে অর্ধেকের বেশি কর্মী কোনো নির্দিষ্ট নীতিমালা ছাড়াই কর্মস্থলে এআই টুল ব্যবহার করছেন। এর ফলে অনুমোদনবিহীন আইটি ব্যবহার (শ্যাডো আইটি) এবং নিয়ন্ত্রণহীন এআই টুল (শ্যাডো এআই) ব্যবহারের ঝুঁকি বাড়ছে। সফোস ওয়ার্কস্পেস প্রোটেকশন এই ঝুঁকি কমাতে প্রতিষ্ঠানের কাজের পরিবেশে প্রযুক্তির ব্যবহার দৃশ্যমান ও নিয়ন্ত্রণযোগ্য করে তোলে। এতে নিরাপত্তা ঝুঁকি কমে এবং হাইব্রিড কর্মীরা আরও সুরক্ষিতভাবে কাজ করতে পারেন। এই সেবার মূল ভিত্তি হলো সফোস প্রোটেক্টেড ব্রাউজার, যা একটি ক্রোমিয়াম-ভিত্তিক এন্টারপ্রাইজ-গ্রেড নিরাপদ ব্রাউজার। এটি অ্যাপ্লিকেশন অ্যাক্সেস, স্থানীয় ডেটা ব্যবস্থাপনা এবং ওয়েব ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ নিশ্চিত করে। এছাড়া নিরাপদ রিমোট অ্যাক্সেসের জন্য এতে সফোস জেডটিএনএ, এসএসএইচ এবং আরডিপি সাপোর্ট যুক্ত রয়েছে। জেডটিএনএ ব্যবস্থার মাধ্যমে কেবল অনুমোদিত ব্যবহারকারী এবং নীতিমালা মেনে চলা ডিভাইসই অভ্যন্তরীণ অ্যাপ্লিকেশনে প্রবেশের সুযোগ পায়। একই সঙ্গে সফোসের ডিএনএস প্রোটেকশন উইন্ডোজ এন্ডপয়েন্টে ক্ষতিকর ডোমেইন ব্লক করে ক্লাউড-ভিত্তিক ওয়েব আক্রমণ ও ফিশিং প্রতিরোধ করে। পাশাপাশি, ইমেইল মনিটরিং সিস্টেম গুগল ও মাইক্রোসফটের ইমেইল সেবার সঙ্গে সংযুক্ত হয়ে সন্দেহজনক ও ক্ষতিকর বার্তা শনাক্ত ও প্রতিরোধে সহায়তা করে।

Published: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৬

Source: https://www.banglatribune.com/tech-and-gadget/932384/%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A1-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%9C%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87

তথ্যপ্রযুক্তি

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!