Home Articles রাজনীতি

এখন কি আমরা বলব ‘সবার আগে বগুড়া’: এনসিপির সংসদ সদস্যের প্রশ্ন

বিশেষ প্রতিবেদক June 18, 2026
এখন কি আমরা বলব ‘সবার আগে বগুড়া’: এনসিপির সংসদ সদস্যের প্রশ্ন

সংসদে এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান সমতার বাজেটের দাবি ও প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বেশি বরাদ্দ দেওয়ার অভিযোগ তুলে এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ বলেছেন, ‘নিন্দুকেরা বলে, একসময় বলা হতো সবার আগে গোপালগঞ্জ। এখন কি আমরা বলব সবার আগে বগুড়া?’

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে আতিকুর রহমান এই প্রশ্ন রাখেন। তিনি বলেন, তাঁরা এই বাংলাদেশ চান না। ‘সবার আগে বাংলাদেশ’ হলে, প্রতিটি প্রান্তের মানুষের জন্য সমান ধরনের বাজেট থাকতে হবে।

আতিকুর রহমান মোজাহিদ বলেন, ইদানীং নিন্দুকেরা বলে, নতুন একটা উপজেলার আবির্ভাব ঘটেছে, এটাকে নবাবি উপজেলা বলা হচ্ছে। তিনি বলেন, ‘আমি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কথা বলতেছি। যেখানে অন্যান্য এলাকায় বাজেট পায় না, সেখানে এক উপজেলায়, কী এক ক্যারিশম্যাটিক মিরাকল, সেখানে ৭৬ কোটি টাকা চলে যায়।’

উল্লেখ্য, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী।

নিজের বক্তব্যে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জািয়ে এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের সময় প্রতিরক্ষা খাতে যথেষ্ট বরাদ্দ ও আধুনিক অস্ত্র থাকলে বাংলাদেশ একক কৃতিত্বে স্বাধীনতা অর্জন করতে পারত। রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে কামালপুর যুদ্ধের সময় ভারতের পক্ষ থেকে একটি ভাঙা ওয়্যারলেস দেওয়া হয়েছিল। তিনি রাগ করে সেটা ফেলে দিয়ে বলেছিলেন, ‘অস্ত্র যখন দিবা, সরঞ্জামাদি যখন দিবা, তখন এমন জিনিস দাও, যেটা ফাংশন করে। ডিজফাংশনাল দিয়ো না, এটা আমাদের বাধাগ্রস্ত করে।’

আতিকুর রহমান বলেন, প্রতিরক্ষা খাতে ভারত জিডিপির ২ দশমিক ৫ শতাংশ, মিয়ানমার জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ বরাদ্দ দেয়। পৃথিবীর সব দেশে গড়ে ২ দশমিক ২ শতাংশ বাজেট বরাদ্দ দেয়। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা খাতে বেশি বরাদ্দ দেওয়ার দাবি জানান তিনি।

Published: প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১৪: ৫১

Source: https://www.prothomalo.com/politics/9jlrwqljz5

বাজেট বগুড়া শিবগঞ্জ ত্রয়োদশ জাতীয় সংসদ এনসিপি

Comments

No comments yet

Be the first to share your thoughts!