Home Articles ফ্যাশন

১০ বছর পর মেট গালায় ফিরছেন বিয়ন্সে, সঙ্গে থাকছে কী?

মৃণাল সাহা May 04, 2026
আগামীকাল ৫ মে বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে মেট গালার আনুষ্ঠানিকতা। প্রতিবারের মতো এবারও আছে আলাদা থিম, তৈরি করা হয়েছে মঞ্চ, তারকাদের তালিকা। একে একে প্রবেশ করবেন তারকারা, হাজারো ক্যামেরার নজর থাকবে মেট গালার রেড কার্পেটে। মেট গালা মূলত একটি ফ্যাশন চ্যারিটি ইভেন্ট। যেখানে পুরো বিশ্বের নামীদামি তারকাদের আমন্ত্রণ জানানো হয়। প্রতিবছর মে মাসের প্রথম সোমবার নিউইয়র্কের মিউজিয়াম অব আর্টে বসে মেট গালার আসর। ১৯৪৮ সাল থেকে প্রতিবছর নিয়ম করে আয়োজন করা হয় মেট গালা। মার্কিন ফ্যাশন প্রচারক এলেনর ল্যাম্বার্টের হাত ধরে শুরু হয় মেট গালার যাত্রা। বর্তমানে মেট গালার চেয়ারপারসন অ্যানা উইনটোর, যিনি টানা ৩৭ বছর ছিলেন ‘ভোগ’ ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ। মেট গালার লালগালিচায় যে কাউকে আমন্ত্রণ জানানো হয় না। সে জন্য আপনাকে হতে হবে বিশ্বব্যাপী জনপ্রিয়, সঙ্গে থাকতে হবে তুখোর ফ্যাশন সেন্স। এরপরও অনেকে জায়গা করে নিতে পারেন না মেট গালার মঞ্চে। কারণ, পুরো কাজটাই নিজ হাতে করেন মেট গালার চেয়ারপারসন। প্রতিবছর মেট গালার কয়েক মাস আগেই চেয়ারপারসন নিজ হাতে অতিথিদের একটি তালিকা তৈরি করেন। সে তালিকার বাইরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না অনুষ্ঠানে। কখনো কখনো ব্র্যান্ডগুলোর কাছ থেকে তাদের তারকাদের নাম জানতে চাওয়া হয়। অ্যানা উইনটোর অনুমতি না দিলে সেই তারকাকেও আনার অনুমতি পায় না ব্র্যান্ডগুলো। তারকারা যে বিনা মূল্যে ঢুকতে পারেন, তা কিন্তু নয়। মেট গালার প্রতিটি চেয়ার বিক্রি করা হয় উচ্চ মূল্যে। এই বছর আরেক দফা বেড়েছে সেই চেয়ারের দাম। এবার প্রতিটি চেয়ার বিক্রি হচ্ছে ১ লাখ ডলারে। বাংলাদেশি টাকায় যা প্রায় ১ কোটি ২২ লাখ টাকা। তবে ব্র্যান্ডগুলো তাদের মডেলদের জন্য একসঙ্গে পুরো টেবিল কিনে ফেলে। এবার সেটাও কিনতে চাইলে খরচ পরবে ৪ কোটি ৩০ লাখ টাকা। তবে বেশির ভাগ তারকার প্রবেশমূল্য ব্র্যান্ডগুলো পরিশোধ করে ফেলে বলে ফ্রিতেই প্রবেশ করতে পারেন তাঁরা। এ ছাড়া মেট গালার চেয়ারপারসন অ্যানা উইনটোর নিজে থেকে আমন্ত্রণ জানান কিছু তারকাকে। তাঁদের জন্যও মেট গালার মঞ্চ পুরোপুরি ফ্রি। মেট গালাকে আর দশটা ফ্যাশন ইভেন্ট থেকে আলাদা করেছে তাদের থিম। প্রতিবছর অনুষ্ঠানের প্রায় মাস তিনেক আগেই জানিয়ে দেওয়া হয় কী হবে থিম। এবারের মেট গালার থিম ‘ফ্যাশন ইজ আর্ট’। তারকাদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি পোশাক হতে হবে একটা শিল্পকর্ম। হিউম্যান ফর্ম থেকে শুরু করে বোল্ড সিলুয়েট, যেকোনো কিছু নিয়েই কাজ করতে পারবেন তাঁরা। মেট গালায় তারকার তালিকা আগেই প্রকাশ করা হয় না। কিন্তু জমকালো আয়োজনের কো-চেয়ার হবেন কারা, তা জানিয়ে দেওয়া হয় আগেই। এবারও মূল দায়িত্বে থাকছেন ফ্যাশন–দুনিয়ার আইকন অ্যানা উইনটোর। তাঁর সঙ্গে থাকছেন হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও টেনিস কিংবদন্তি ভেনাস উইলিয়ামস। সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হবেন পপ তারকা বিয়ন্সে। ২০১৬ সালের পর এই প্রথম তাঁকে দেখা যাবে মেট গালার লালগালিচায়। শুধু লালগালিচা নয়, একেবারে কো-চেয়ারের দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে তঁর কাঁধে। বরাবরের মতোই মেট গালা শেষে আয়োজন করা হবে বিশাল এক প্রদর্শনীর। মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের এম ন্যস্ত গ্যালারিতে ১০ মে থেকে ২০২৭ সালের ১০ জানুয়ারি পর্যন্ত চলবে প্রদর্শনী। সেখানে সাধারণ দর্শক চাইলেই দেখতে পারবেন মেট গালার পোশাক ও বিশাল আয়োজনের একঝলক।

Published: প্রকাশ: ০৪ মে ২০২৬, ১১: ৪৯

Source: https://www.prothomalo.com/lifestyle/fashion/5y17x8pfsp

পোশাক স্টাইল মেট গালা মেট গালা ২০২৬

Comments

No comments yet

Be the first to share your thoughts!