উগান্ডার নাগরিকেরা অন-অ্যারাইভাল ভিসায় যেতে পারে ৬৫ দেশে, আমরা ৩৫ দেশে

সজীব মিয়া July 22, 2026

উগান্ডার পাসপোর্টধারীরা বিশ্বের ৬৫টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। অন্যদিকে বাংলাদেশের নাগরিকদের জন্য সেই সুযোগ আছে মাত্র ৩৫টি দেশে।

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক নাগরিকত্ব-সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ পাসপোর্ট সূচকে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এবারও শীর্ষে সিঙ্গাপুর। দেশটির নাগরিকেরা বিশ্বের ১৯২টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। তালিকার একেবারে শেষে আফগানিস্তান।

দেশটির নাগরিকেরা ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পান ২২টি দেশে। এদিকে বাংলাদেশের অবস্থান তিন ধাপ উন্নীত হয়ে ৯৭তম হলেও ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া দেশের সংখ্যা কমেছে।

কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় কয়টি দেশে ভ্রমণ করা যায়, তার ভিত্তিতেই হেনলি পাসপোর্ট সূচক তৈরি করা হয়। এ ক্ষেত্রে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য ভ্রমণের সুযোগ দিন দিন সংকুচিত হচ্ছে। ২০২৬ সালের শুরুতে বাংলাদেশের নাগরিকেরা ৩৭টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পেতেন। সর্বশেষ হালনাগাদে দুটি দেশ সেই সুবিধা প্রত্যাহার করায় সংখ্যা নেমে এসেছে ৩৫-এ।

এই অবনমনের ধারা অবশ্য নতুন নয়। ২০২৫ সালের শুরুতে বাংলাদেশের নাগরিকেরা ৩৯টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারতেন। ২০২৪ সালের শুরুতে সেই সংখ্যা ছিল ৪২।

অর্থাৎ মাত্র আড়াই বছরে বাংলাদেশের পাসপোর্টে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া দেশের সংখ্যা ৪২ থেকে কমে ৩৫-এ নেমে এসেছে।

সূত্র: হেনলি অ্যান্ড পার্টনার্স

Published: প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২: ০০

Source: https://www.prothomalo.com/lifestyle/travel/boek3vs4cr

উগান্ডা বেড়ানো পাসপোর্ট ভ্রমণ

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!