Home Articles ক্রিকেট

তিন দলের প্লে–অফ নিশ্চিত, একটি জায়গা নিয়ে কাড়াকাড়ি—কী চলছে আইপিএলে

খেলা ডেস্ক May 23, 2026
তিন দলের প্লে–অফ নিশ্চিত, একটি জায়গা নিয়ে কাড়াকাড়ি—কী চলছে আইপিএলে

দুই মাসব্যাপী আইপিএল এখন শেষের দিকে। এই টুর্নামেন্টে ম্যাচ হবে ৭৪টি। এর মধ্যে শেষ হয়েছে ৬৭টি। নিশ্চিত হয়ে গেছে তিনটি দলের প্লে-অফ। বাকি আছে একটি। এই লড়াইয়ে আছে বেশ কয়েকটি দল। সব মিলিয়ে কী চলছে আইপিএলে?

আইপিএলে প্লে-অফ নিশ্চিত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটানস ও সানরাইজার্স হায়দরাবাদের। এর মধ্যে বেঙ্গালুরু ও গুজরাট পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করেছে। মানে এ দুটি দল খেলবে কোয়ালিফায়ার। আরও ভেঙে বললে, এই দুটি দল ফাইনালে ওঠার পথে সুযোগ পাবে দুটি। প্লে-অফে তিনটি দলের পয়েন্ট সমান ১৮ হলেও রান রেটে পিছিয়ে হায়দরাবাদকে খেলতে হবে এলিমিনেটর। ফাইনালে যেতে হলে হায়দরাবাদকে জিততে হবে দুটি ম্যাচ।

প্রথম কোয়ালিফায়ারে বেঙ্গালুরু গুজরাটের বিপক্ষে খেলবে ২৬ মে। ২৭ মে হবে এলিমেনটর, সেখানে হায়দরাবাদের প্রতিপক্ষ ঠিক হয়নি। কোন দল হতে পারে সেই প্রতিপক্ষ।

১৪ পয়েন্ট ও +০.০৮৩ নেট রান রেট নিয়ে শেষ প্লে-অফের টিকিট পাওয়ার দৌড়ে এ মুহূর্তে সবচেয়ে ফেবারিট রাজস্থান। তাদের শেষ চারে ওঠার সমীকরণ সহজ—আগামীকাল মুম্বাই ইন্ডিয়ানসকে হারাতে পারলেই সরাসরি প্লে-অফের টিকিট পেয়ে যাবে।

কীভাবে

মুম্বাইয়ের বিপক্ষে জয় রাজস্থানকে এনে দেবে মোট ১৬ পয়েন্ট, যা প্রতিযোগিতায় থাকা বাকি তিন দল পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের পক্ষে ছোঁয়া সম্ভব নয়। এ ছাড়া নিজেদের ম্যাচ খেলতে মাঠে নামার আগেই আজকে হতে যাওয়া লক্ষ্ণৌ সুপার জায়ান্টস বনাম পাঞ্জাব কিংস ম্যাচের ফল জেনে যাওয়ার বাড়তি সুবিধাও পাবে রাজস্থান।

পাঞ্জাব কিংসের শুরুটা হয়েছিল দুর্দান্ত। নিজেদের প্রথম সাতটি ম্যাচের মধ্যে ছয়টিতেই জিতেছিল তারা, অন্যটি বৃষ্টিতে কোনো ফলাফল ছাড়াই শেষ হয়। তবে এরপর পাঞ্জাব হেরেছে টানা ৬ ম্যাচে।

আজ লক্ষ্ণৌর বিপক্ষে জিতলে পাঞ্জাবের পয়েন্ট হবে ১৫, কিন্তু তা–ও তাদের শেষ চারে ওঠা নিশ্চিত হবে না। জয়ের সঙ্গে রাজস্থান ও কলকাতার হারও কামনা করতে হবে। পাঞ্জাবের রান রেট অবশ্য রাজস্থান ও কলকাতার চেয়ে ভালো। তবে এটি কাজে লাগবে যদি তিন দলের পয়েন্ট সমান হয়।

দিল্লির বিপক্ষে জিতলে মোট ১৫ পয়েন্ট নিয়ে কলকাতা প্লে-অফের আশা বাঁচিয়ে রাখবে, তবে হারলেই বিদায় নিতে হবে। জিতলেও আবার প্লে-অফের সমীকরণ মিলছে না। শেষ চারে উঠতে হলে তাদের চাই মুম্বাইয়ের কাছে রাজস্থানের হার, সঙ্গে লক্ষ্ণৌর বিপক্ষে পাঞ্জাব কিংসের পরাজয়। কারণ, পাঞ্জাবও ১৫ পয়েন্টে পৌঁছে গেলে হিসাব গড়াবে নেট রান রেটে, যা কলকাতার জন্য বড় শঙ্কার কারণ হতে পারে।

দিল্লি ক্যাপিটালস টিকে আছে খাতা–কলমে। বাস্তবে তাদের শেষ চারে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। দিল্লির সবচেয়ে বড় মাথাব্যথার কারণ রান রেট—০.৮৭১। সমীকরণে টিকে থাকতে দিল্লিকে প্রথমত তাদের শেষ লিগ ম্যাচে কলকাতাকে হারাতেই হবে, যা তাদের এনে দেবে মোট ১৪ পয়েন্ট।

এরপর প্রার্থনা করতে হবে যেন রাজস্থান ও পাঞ্জাব—উভয় দলই তাদের নিজ নিজ ম্যাচে হেরে যায়। এমনকি সব রকম ভাগ্য সহায় হওয়ার পরও জয়ের ব্যবধানের ওপর ভিত্তি করে দিল্লির নেট রান রেট ওলট–পালটের প্রয়োজন হবে। কিন্তু ভাগ্যে কি এত কিছু একসঙ্গে মেলে!

Published: প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৬: ৪৭

Source: https://www.prothomalo.com/sports/cricket/7t432gqflw

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংস কলকাতা নাইট রাইডার্স আইপিএল রাজস্থান রয়্যালস

Comments

No comments yet

Be the first to share your thoughts!