তামিম দুই বিভাগের দায়িত্বে, বিসিবির কোন পরিচালক কী দায়িত্ব পেলেন

বিসিবির সাম্প্রতিক বোর্ডসভাগুলো চলেছে ঘণ্টার পর ঘণ্টা। কিন্তু মঙ্গলবার তামিম ইকবালের সভাপতিত্বে নির্বাচিত পরিচালকদের প্রথম সভাটি শেষ হয়ে গেল এক ঘণ্টার কম সময়ে। সেই সভায় পরিচালকদের মধ্যে বিভিন্ন বিভাগের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
তামিম নিজে ওয়ার্কিং ও ফ্যাসিলিটিজ বিভাগের প্রধানের দায়িত্ব নিয়েছেন। জাতীয় দলের ব্যবস্থাপনা দেখভাল করা ক্রিকেট পরিচালনা বিভাগের জন্য আলাদা কোনো চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়নি। এই বিভাগে আলাদা চেয়ারম্যান না থাকলে সাধারণত সভাপতিই সেই দায়িত্ব পালন করেন।
সহসভাপতি ফাহিম সিনহাকে দেওয়া হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল ও গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব। গ্রাউন্ডস ও হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান হয়েছেন শানিয়ান তানিম। সর্বশেষ অ্যাডহক কমিটির আমলে গ্রাউন্ডসের দায়িত্বে থাকা রফিকুল ইসলাম এবার নারী উইংয়ের চেয়ারম্যান হয়েছেন।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন পেয়েছেন এইজ গ্রুপ বিভাগের দায়িত্ব। ডিসিপ্লিনারি বিভাগে আব্দুল কাইয়ুম চৌধুরী, অর্থ বিভাগে ইসরাফিল খসরু এবং সিকিউরিটি ও টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটির প্রধান হয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ। টুর্নামেন্ট বিভাগের দায়িত্ব পেয়েছেন সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর।
লজিস্টিকস ও প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল, মেডিকেল বিভাগে প্রফেসর ডা. মোহাম্মদ মাহবুব আহমেদ শামীম এবং মিডিয়া কমিটির প্রধান হয়েছেন আসিফ রাব্বানি।
এ ছাড়া মঈন উদ্দীন চৌধুরী সিসিডিএম, আব্দুল্লাহ আল ফুয়াদকে ফিজিক্যালি চ্যালেঞ্জড, সাইদ বিন জামানকে অডিট ও শেখ মোহাম্মদ রুহুল আমিনকে ওয়েলফেয়ার কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজশাহী থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া মীর শাকরুল আলমের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে আজ। বাকি ২৪ জনের মধ্যে ১৮ জন বিভিন্ন বিভাগের প্রধানের দায়িত্ব পেয়েছেন। বাকি ৬ জনের মধ্যে সরফরাজ আহমেদ ও মির্জা ফয়সল আমীনকে দুটি কমিটির ভাইস চেয়ারম্যান হয়েছেন। বাকি ৪ পরিচালক মিজানুর রহমান, শান্তুনু ইসলাম, শফিকুল আলম ও সাকিফ আহমেদকে কোনো দায়িত্বই দেওয়া হয়নি।
বিভাগ বণ্টনের পাশাপাশি সভায় মিরপুরে ক্রিকেটারদের জন্য সুইমিংপুল নির্মাণ, শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে ছাদ দেওয়া এবং জাতীয় দলের জন্য টিম বাস কেনার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Published: আপডেট: ০৯ জুন ২০২৬, ১৫: ৫৪
Source: https://www.prothomalo.com/sports/cricket/u4q5neanzz
Comments
No comments yet
Be the first to share your thoughts!