Home Articles ক্রিকেট

সিরিজ হেরে যেখানে পাকিস্তানের সমস্যা খুঁজে পেলেন শান মাসুদ

ক্রীড়া প্রতিবেদক May 20, 2026
সিরিজ হেরে যেখানে পাকিস্তানের সমস্যা খুঁজে পেলেন শান মাসুদ

বাংলাদেশের উদ্‌যাপন তখনো শেষ হয়নি। এর মধ্যেই সংবাদ সম্মেলনে চলে এলেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। তাড়াহুড়ো করে শুরু হওয়া প্রশ্ন–উত্তরপর্বে থাকা দুজন সাংবাদিকের একজন তাঁর কাছে জানতে চাইলেন, ‘এটাই কি অধিনায়ক হিসেবে আপনার শেষ ম্যাচ?’

কিন্তু শান মাসুদ কথা বলতে চাইলেন শুধু এই সিরিজ নিয়ে, নেতৃত্ব নিয়ে নয়। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের কাছে দুই টেস্টের সিরিজ হারেও তিনিই ছিলেন পাকিস্তানের অধিনায়ক। এখন পর্যন্ত ১৬ ম্যাচের টেস্ট অধিনায়কত্বের অধ্যায়ে মাসুদ জয় পেয়েছেন মাত্র চারটিতে। তবে গতকাল এটা নিয়ে কথাই বলতে চাননি।

ভবিষ্যতের জন্য পাকিস্তান অধিনায়ক জানিয়ে গেছেন একটা চাওয়া, ‘আমাদের আরও টেস্ট ম্যাচ খেলতে হবে, সেটা বাংলাদেশ হোক বা অন্য কোনো প্রতিপক্ষের বিপক্ষে। দুই ম্যাচ নয়, আরও বেশি ম্যাচের সিরিজ খেলতে চাই আমরা। কারণ, কখনো কখনো আপনি যখন নতুন জায়গায় আসবেন, একটা ম্যাচ লেগে যায় কিছু জিনিস বুঝতেই। ভালো হয় যদি আমরা তিন–চার ম্যাচের সিরিজ খেলি।’

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এবারের সিরিজের দুটি টেস্টই পঞ্চম দিনে গিয়ে শেষ হয়েছে। ব্যাটসম্যান–বোলার সবার জন্যই ছিল সমান সুবিধার উইকেট। কখনো পেসাররা ৫ উইকেট পেয়েছেন, কখনো স্পিনাররা, ব্যাটসম্যানদের ব্যাটেও ছিল রানের প্রবাহ।

সিরিজ শেষে উইকেটের প্রশংসা করেছেন শান মাসুদও, ‘আমি কৃতিত্ব দিতে চাই তাঁদের যাঁরা এ রকম উইকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছে। পিচগুলো দুর্দান্ত ছিল। ব্যাটসম্যানদের জন্য রান ছিল, স্পিনারদের জন্য টার্ন, পেসারদের জন্য গতি আর বাউন্সও ছিল। দুটি ম্যাচেই ভালো উইকেট ছিল, ভালো খেলা হয়েছে।’

সিরিজের দুই টেস্টেই শেষ দিন পর্যন্ত সম্ভাবনা ছিল সব রকম ফল হওয়ার। কিন্তু দুটি টেস্টেই জিতল স্বাগতিক বাংলাদেশ। পাকিস্তান অধিনায়কের কণ্ঠে সুযোগ কাজে লাগাতে না পারার আফসোস, ‘ম্যাচ হারাটা কখনো ভালো কিছু নয়। তবে এই সিরিজের দুই ম্যাচেই আমরা ভালো সুযোগ তৈরি করেছি। আমাদের নিজেদের দিকে তাকাতে হবে সেটা ব্যাটিং, বোলিং অথবা ফিল্ডিং যেখানেই হোক না কেন—দেখতে হবে কোথায় ম্যাচটা হারলাম।’

Published: প্রকাশ: ২০ মে ২০২৬, ১৪: ১৭

Source: https://www.prothomalo.com/sports/cricket/lb73m0n4mc

পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ পাকিস্তান সিরিজ শান মাসুদ

Comments

No comments yet

Be the first to share your thoughts!