সিরাজগঞ্জে ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর চোখে গুরুতর আঘাত

সিরাজগঞ্জে চলন্ত দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে অজ্ঞাতনামা ব্যক্তির ছোড়া পাথরে এক যাত্রীর ডান চোখে গুরুতর আঘাত লেগেছে।
সিরাজগঞ্জে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরে এক যাত্রীর চোখে গুরুতর আঘাত লেগেছে। মঙ্গলবার বিকেলে উল্লাপাড়া ও জামতৈল রেলস্টেশনের মধ্যবর্তী কোনো স্থানে এ ঘটনা ঘটে।
আহত সাব্বির হোসেন (২২) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা। তাঁকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়েছে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি বিকেল সোয়া চারটার দিকে উল্লাপাড়া ও জামতৈল স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। পাথরটি জানালা দিয়ে ভেতরে ঢুকে সাব্বির হোসেনের ডান চোখে আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। ট্রেনটি জামতৈল স্টেশনে পৌঁছালে বিকেল সাড়ে চারটার দিকে সাব্বিরকে নামিয়ে কামারখন্দ উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠান।
জামতৈল রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার রাকিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পাথর নিক্ষেপের ঘটনায় আহত যাত্রীর ডান চোখে গুরুতর আঘাত লেগেছে। তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান সিরাজগঞ্জ রেলওয়ে বাজার স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম।
Published: প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৫: ৫৩
Source: https://www.prothomalo.com/bangladesh/district/zvlqrosw8g
Comments
No comments yet
Be the first to share your thoughts!