Home Articles বাংলাদেশ

স্পিকারের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক May 17, 2026
স্পিকারের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে আজ রোববার তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সাক্ষাৎকালে স্পিকার জাতিসংঘের সাধারণ পরিষদের আগামী অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে মনোনয়ন দেওয়ার জন্য ফরাসি সরকারের সমর্থন কামনা করেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। মহান মুক্তিযুদ্ধের পর ফ্রান্স বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে বন্ধুত্বের পরিচয় দেয়। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হচ্ছে ফ্রান্স।

স্পিকার আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল অনেক আগেই। বাংলাদেশের জনগণ সব সময় স্বৈরাচারীর বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। দীর্ঘ ১৬ বছর ধরে মাফিয়া শেখ হাসিনার সরকার এ দেশের গণতন্ত্রকে বিপন্ন করেছিল।

বিজ্ঞপ্তির ভাষ্য অনুযায়ী, ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত স্বচ্ছ, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত হয়েছে।

সাক্ষাৎকালে উভয়ই ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ ছাড়া দুই দেশের জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক স্থাপন, আন্তসংসদীয় সম্পর্ক জোরদারকরণ, নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন, মানবাধিকারসহ জাতিসংঘের শান্তি মিশনে নিযুক্ত বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী নিয়ে মতবিনিময় করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Published: প্রকাশ: ১৭ মে ২০২৬, ১১: ৩৬

Source: https://www.prothomalo.com/bangladesh/ujwb5vi48z

জাতীয় সংসদ জাতিসংঘ কূটনৈতিক সম্পর্ক কূটনীতি স্পিকার ত্রয়োদশ জাতীয় সংসদ

Comments

No comments yet

Be the first to share your thoughts!