Home Articles রাজধানী

রাতে বন্ধুরা মিলে মাওয়া গিয়েছিলেন, ফেরার পথে দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত

বিশেষ প্রতিবেদক July 10, 2026
রাতে বন্ধুরা মিলে মাওয়া গিয়েছিলেন, ফেরার পথে দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত

রাজধানীর পোস্তগোলায় বুড়িগঙ্গা প্রথম সেতুতে দুর্ঘটনায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলচালকের পেছনে বসা এক আরোহী।

আজ শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হুমায়ুন কবির (২৩)। তিনি একটি মুদিদোকানের কর্মচারী ছিলেন। আহত হয়েছেন তাঁর বন্ধু সোহেল (২২)। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনার পর হুমায়ুন ও সোহেলকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন তাঁদের বন্ধু মানিক হাওলাদার। তিনি প্রথম আলোকে বলেন, তাঁরা কয়েক বন্ধু মিলে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে মুন্সিগঞ্জের মাওয়ায় গিয়েছিলেন। একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল নিয়ে তাঁরা যান। মাওয়ায় তাঁরা ইলিশ পোলাও খান। খাওয়াদাওয়া শেষে আজ ভোরে তাঁরা ঢাকার উদ্দেশে রওনা দেন। একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন হুমায়ুন। তাঁর পেছনে বসা ছিলেন সোহেল। পোস্তগোলায় বুড়িগঙ্গা প্রথম সেতুতে এই মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে একটি ট্রাক বা কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে হুমায়ুন ও সোহেল আহত হন। তাঁদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, সকাল পৌনে ছয়টার দিকে হুমায়ুন ও সোহেলকে আনা হয়। পরীক্ষা–নিরীক্ষা শেষে হুমায়ুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাঁর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত সোহেলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হুমায়ুন থাকতেন রাজধানীর কলাবাগানে। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়। বাবার নাম মিজানুর রহমান পাটোয়ারী।

Published: প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৮: ৫০

Source: https://www.prothomalo.com/bangladesh/capital/hf21i16uep

বুড়িগঙ্গা নদী সেতু মুন্সিগঞ্জ দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা

Comments

No comments yet

Be the first to share your thoughts!