Home Articles জেলা

রাষ্ট্রপতির পদত্যাগের পেছনে কোনো রাজনীতি নেই: আবদুল আউয়াল মিন্টু

প্রতিনিধি July 25, 2026
রাষ্ট্রপতির পদত্যাগের পেছনে কোনো রাজনীতি নেই: আবদুল আউয়াল মিন্টু

ফেনীতে এক সভায় পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের পেছনে কোনো রাজনীতি নেই

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগ করার অধিকার আছে। ঠিক কী কারণে তিনি পদত্যাগ করেছেন, তা আমি জানি না। তবে রাষ্ট্রপতির পদত্যাগের সঙ্গে কোনো ধরনের রাজনীতি জড়িত আছে বলে আমার মনে হয় না।’

আজ শনিবার দুপুরে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, ‘আমরা যদি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, তাহলে সন্ত্রাস ও মাদকাসক্তি বৃদ্ধি পাবে। দেশে ও সমাজে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। তাই অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হলে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। এ জন্য সবাইকে রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করতে হবে।’

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদ্য বিদায়ী পরিচালক মুশফিকুর রহমানের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন ওরফে ভিপি জয়নাল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। চেম্বার পরিচালক জালাল উদ্দিনের সঞ্চালনায় সভার শুরুতে নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মনিরা হক।

Published: প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৩: ৫৭

Source: https://www.prothomalo.com/bangladesh/district/j0llymoeqf

বিএনপি রাজনীতি ফেনী চট্টগ্রাম বিভাগ

Comments

No comments yet

Be the first to share your thoughts!