পুকুরের পানিতে ভেসে থাকা বোতল তুলতে গিয়ে প্রাণ গেল ভাই–বোনের

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাতটায় উপজেলার খয়েরবাড়ি কুটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুই শিশু সহোদর ভাই-বোন। একই পরিবারের দুই শিশুর এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া ওই দুই শিশুর নাম সাবিয়া জান্নাত (৬) ও মো. সিয়াম (৪)। তাদের বাবা শাহিন আলম পেশায় একজন মুদিদোকানি। বাড়ির পাশেই তাঁর একটি মুদিদোকান রয়েছে।
শিশুটির মা কেয়া বেগম ও স্বজনেরা জানান, তাঁদের বাড়ির পাশেই একটি খেলার মাঠ। মাঠের সঙ্গে প্রায় লাগোয়া একটি পুকুর রয়েছে। বাড়িতে সকালের নাশতা তৈরি করছিলেন কেয়া বেগম। বাবা শাহিন আলম দোকান খুলেছিলেন মাত্র। ওই সময় জান্নাত, সিয়ামসহ আরও এক শিশু মাঠে খেলছিল।
একসময় পুকুরের পানিতে একটি বোতল ভাসতে দেখে সেটি তুলতে যায় সিয়াম। এ সময় বেশি পানিতে হাবুডুবু খেতে খেতে তলিয়ে যেতে থাকে। ভাইয়ের এ অবস্থা দেখে পুকুরের পানিতে নেমে পড়ে বোন সাবিয়া জান্নাত। সে–ও তলিয়ে যায়। পরে পুকুরের ধারে থাকা অপর এক শিশু দৌড়ে বাড়ি এসে খবর জানায়। পরে তাদের মা–বাবাসহ অন্যরা পুকুর থেকে দুই শিশুকে তুলে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বলেন, ‘বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যাই। মাঠে কয়েকজন শিশু খেলছিল। মাঠের পাশেই পুকুর। হয়তো কোনোভাবে পুকুরে নেমে পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।’
Published: প্রকাশ: ২০ মে ২০২৬, ১১: ১০
Source: https://www.prothomalo.com/bangladesh/district/mypr8tck71
মন্তব্য
এখনো কোন মন্তব্য নেই
আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!