Home Articles জেলা

ফতুল্লায় রি-রোলিং স্টিল মিলে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

প্রতিনিধি May 20, 2026
ফতুল্লায় রি-রোলিং স্টিল মিলে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি রি-রোলিং স্টিল মিলে ভাট্টিতে (লোহার কাঁচামাল গলানো চুল্লি) বিস্ফোরণে আগুনে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ বুধবার দুপুরে পাগলা রসুলপুর এলাকার সিএসআরএম রি-রোলিং স্টিল মিলে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন মো. মিজান (৪০), মো. সুমন (৩৩), মো. মিলন (৩৫) ও উজ্জল (৩২)। তাঁদের প্রত্যেকের শরীরের ২–৩ শতাংশ দগ্ধ হয়েছে।

এ বিষয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসা কর্মকর্তা শাওন বিন রহমান প্রথম আলোকে বলেন, দগ্ধ ব্যক্তিদের ভর্তি করা হয়েছে। তাঁদের প্রত্যেকের শরীরের ২–৩ শতাংশ পুড়ে গেছে।

স্টিল মিলের কর্মকর্তা মো. পাভেল প্রথম আলোকে জানান, রি-রোলিং স্টিল মিলের লোহা গলানোর ভাট্টিতে লোহার কাঁচা মাল দেওয়া হয়েছিল। সেখানে হয়তো কোনো কাঁচামাল বন্ধ অবস্থায় ছিল। হঠাৎ ভাট্টিতে বিস্ফোরণে আগুনে চার শ্রমিক দগ্ধ হন। দুর্ঘটনার পর মিলের অন্য কর্মীরা দ্রুত আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন। প্রথম আলোকে তিনি জানান, দগ্ধ ব্যক্তিদের ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

Published: প্রকাশ: ২০ মে ২০২৬, ১৫: ২১

Source: https://www.prothomalo.com/bangladesh/district/httofq2h8h

ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ ফতুল্লা শ্রমিক বিস্ফোরণ

Comments

No comments yet

Be the first to share your thoughts!