ফেনীর পরশুরাম সীমান্তে ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, ঠেকিয়ে দিল বিজিবি

ফেনী সীমান্তে চারজনকে পুশ ইনের চেষ্টা ঠেকিয়ে দিল বিজিবি
ফেনীর পরশুরাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক নারী ও তিন শিশুসহ চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে। তবে অবৈধভাবে অনুপ্রবেশের এই চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের কেতরাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবির সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের কেতরাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তে এক নারী ও তিনজন শিশুসহ চারজনকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কেতরাঙ্গা বিওপির বিজিবির সদস্যরা তাদের প্রতিহত করেন। বিজিবি আরও জানায়, পুশ ইনের চেষ্টা করা চারজনের সবাই ভারতীয় নাগরিক।
বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান ভারতের চার নাগরিকের অনুপ্রবেশ ঠেকানোর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় বিজিবি ৪ ফেনী ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। ফেনী সীমান্ত দিয়ে কোনোভাবে অবৈধ পুশ ইন সম্ভব হবে না। সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।
Published: প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৪: ৩৫
Source: https://www.prothomalo.com/bangladesh/district/6cth4h1wt0
Comments
No comments yet
Be the first to share your thoughts!