অযাপিত

পিয়াস মজিদ August 16, 2026
অযাপিত

পিয়াস মজিদের কবিতা ‘অযাপিত’

সোনার কানন পুড়ে যেতে দেখে বরফের বাগিচায় ঘাপটি মেরে সইছি তোমাকে সারাক্ষণ কী অনুপম, বোরডম! কারবালা-কান্তার থেকে মহাভারতের মাঠে দৌড়ুতে দৌড়ুতে, ক্লান্তিকেও করে তুলছি ক্লান্ত। ঘুমোতে গিয়ে চুমুচ্ছি স্বপ্নের সন্ত্রাস হৃদয়ে নীলপাখি, ধূসরাভ শ্বাস। গানের ঘাটে একটু বসে থেকে নাচের মজলিশে পা মিলিয়ে তুমুল এমন গরমের কালে বিগত-নাতিশীতোষ্ণ মনে, আমার সম্ভাব্য সব প্রেমের উড়ে চলে যাওয়া মানছি দূর-তুষারের বনে। বেঁচে থাকতে থাকতে যাপনের শিশু-শব্দরা এভাবেই বুড়িয়ে যেতে থাকে।

Published: প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৬: ৪৭

Source: https://www.prothomalo.com/onnoalo/poem/intjlic27u

কবিতা-অন্য আলো শিল্প ও সাহিত্য কবিতা সাহিত্য

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!