Home Articles বলিউড

অ্যাডাল্ট সনদ পেল বিজয়ের সেই সিনেমা

বিনোদন ডেস্ক July 10, 2026
অ্যাডাল্ট সনদ পেল বিজয়ের সেই সিনেমা

তামিল তারকা থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়গন’ মুক্তির আগে ১২টি পরিবর্তনের নির্দেশ দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। এসব পরিবর্তনের শর্তে সিনেমাটিকে ‘এ’ (প্রাপ্তবয়স্কদের জন্য) সনদ দেওয়া হয়েছে। সিবিএফসির সনদ অনুযায়ী, সিনেমাটির দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৩ মিনিট ১১ সেকেন্ড (১৮৩ মিনিট ১১ সেকেন্ড)। গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) ছবিটি সেন্সর সনদ পায়।

সেন্সর বোর্ডের নির্দেশিত পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে—একটি দৃশ্যে ভারতের জাতীয় পতাকা নিচে পড়ে যাওয়ার দৃশ্য বাদ দেওয়া, সাদ্দাম হোসেনের ফাঁসি-সংক্রান্ত একটি সংলাপ মুছে বা পরিবর্তন করা, জেলা প্রশাসকের (ডিস্ট্রিক্ট কালেক্টর) কার্যালয়ের ব্যাজ অসম্মানজনকভাবে নিচে নামানোর একটি দৃশ্য বদলে দেওয়া, একটি সম্পূর্ণ সংলাপ মিউট করা, শিশু পুড়িয়ে দেওয়ার একটি দৃশ্য সরিয়ে অন্য দৃশ্য যুক্ত করা।

সব মিলিয়ে সিনেমাটি থেকে ২০ সেকেন্ডের দৃশ্য বাদ এবং ১০ সেকেন্ডের অংশ পরিবর্তনের নির্দেশ দিয়েছে সিবিএফসি।

পরিচালক এইচ বিনোথের রাজনৈতিক ড্রামা ‘জন নায়গন’ প্রথমে ২০২৬ সালের ৯ জানুয়ারি, পোঙ্গল উৎসব উপলক্ষে মুক্তির কথা ছিল। তামিল সিনেমার সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে এটি। কারণ, এতে অভিনয় করেছেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়। পাশাপাশি ছবিটির রাজনৈতিক প্রেক্ষাপটও দর্শকের আগ্রহ বাড়িয়েছে।

২০২৪ সালে নিজের রাজনৈতিক দল গঠনের পর বিজয় রাজনীতিতে সক্রিয় হন। পরে নির্বাচনে জয়ী হয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন। ফলে তাঁর রাজনৈতিক জীবন শুরুর পর এটিই হতে যাচ্ছে অভিনেতা হিসেবে শেষ চলচ্চিত্র।

এনডিটিভি অবলম্বনে

Published: প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৮: ৩০

Source: https://www.prothomalo.com/entertainment/bollywood/lge28589zy

থালাপতি বিজয় বলিউড দক্ষিণী সিনেমা দক্ষিণী সুপারস্টার

Comments

No comments yet

Be the first to share your thoughts!