Home Articles ব্যাংক

নিট মুনাফা না হলেও উৎসাহ বোনাস পাবেন ব্যাংকাররা

নিজস্ব প্রতিবেদক April 28, 2026
নিট মুনাফা না হলেও উৎসাহ বোনাস পাবেন ব্যাংকাররা

বাংলাদেশ ব্যাংক বলেছে, নিট মুনাফা না হলে এবং পরিচালন মুনাফা করলেই ব্যাংকগুলো তাদের কর্মীদের উৎসাহ বোনাস দিতে পারবে।

ব্যাংক কর্মকর্তাদের কাজে উৎসাহ জোগাতে বোনাস দেওয়ার প্রচলিত যে নিয়ম তা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে নিট মুনাফা না হলে এবং পরিচালন মুনাফা (অপারেটিং প্রফিট) করলেই ব্যাংকগুলো তাদের কর্মীদের উৎসাহ বোনাস (ইনসেনটিভ বোনাস) দিতে পারবে। বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করে নতুন নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, এখন থেকে নিট মুনাফা না হলেও কেবল পরিচালন মুনাফা হলেই ব্যাংকগুলো কর্মীদের বোনাস দিতে পারবে। এমনকি মূলধনঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়া যাবে। তবে এ ক্ষেত্রে একটি শর্ত আছে, সেটি হলো ব্যাংকের মূলধন আগের বছরের তুলনায় কম হতে পারবে না। এ ছাড়া যেসব ব্যাংকের বিলম্বে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের সুবিধার প্রয়োজন নেই, তারাও এ সুবিধার আওতায় আসবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকের পরিচালনা পর্ষদ আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ ১ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসাহ বোনাস হিসেবে প্রদান করতে পারবে। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে জানিয়েছিল, যেসব ব্যাংক নিট মুনাফা করতে পারবে না, তারা কর্মীদের কোনো ধরনের উৎসাহ বোনাস দিতে পারবে না। এ ছাড়া যেসব ব্যাংকে মূলধন ও প্রভিশন ঘাটতি রয়েছে, তাদের ক্ষেত্রেও বোনাস প্রদানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের ওই নির্দেশনার ফলে অনেক ব্যাংকের উৎসাহ বোনাস আটকে যায়। ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) পৃথকভাবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে এ নির্দেশনা বাতিলের দাবি জানায়। বিএবি ও এবিবির নেতারা জানান, অনেক ব্যাংক এখন আর্থিক সংকটে পড়লেও দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটবে। সংকটের মধ্যে কর্মীদের যথাযথ সুবিধা না দেওয়ায় অনেকে অন্য ব্যাংকে চলে যাচ্ছে। আবার আর্থিক সুবিধা কম থাকায় অন্য ব্যাংকের ভালো কর্মীদের সংকটে পড়া ব্যাংকে আনা যাচ্ছে না। এ জন্য তাঁরা শর্তটি দ্রুত প্রত্যাহারের দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে কোনো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বছরে সর্বোচ্চ ১৫ লাখ টাকা উৎসাহ বোনাস নিতে পারেন। ব্যাংকের কোনো কর্মকর্তা এর চেয়ে বেশি বোনাস পাবেন না। দেশের ব্যাংক খাতে মূল বেতনের সমপরিমাণ ছয়টি পর্যন্ত বোনাস দেওয়ার রেকর্ড আছে। তবে বিদেশি ব্যাংকগুলোর ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য নয়। আগে অনেক ব্যাংক বছর শেষ হওয়ার পরদিনই কর্মীদের বোনাস দিত। তবে নীতিমালার কারণে এখন হিসাব চূড়ান্ত হওয়ার বোনাস দেওয়ার সুযোগ নেই।

Published: প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৪: ১৪

Source: https://www.prothomalo.com/business/bank/928mog5tt2

ব্যাংক বাংলাদেশ ব্যাংক বাণিজ্য মুনাফা

Comments

No comments yet

Be the first to share your thoughts!