নদীতে গোসলে নেমেছিলেন তরুণ, ১০ কিলোমিটার দূরে মিলল লাশ

ফেনীর পরশুরামে মুহুরী নদীতে গোসলে নামার ২০ ঘণ্টা পর এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে জেলার ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল শনিবার দুপুরে পরশুরামের চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ জঙ্গলঘোনা গ্রামে গোসলে নেমে নিখোঁজ হয়েছিলেন তিনি।
ফেনীর পরশুরামে মুহুরী নদীতে গোসলে নামার এক দিন পর এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে জেলার ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল শনিবার দুপুরে পরশুরামের চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ জঙ্গলঘোনা গ্রাম এলাকায় নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছিলেন তিনি।
উদ্ধার হওয়া লাশটি মোহাম্মদ সাকিবের (২৪)। তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। তিনি তাঁর পরিবারের সঙ্গে চট্টগ্রাম শহরের একটি ভাড়া বাসায় থাকতেন। পরশুরামের জঙ্গলঘোনা গ্রামে তাঁর নানাবাড়ি।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত শুক্রবার সাকিব তাঁর নানাবাড়িতে বেড়াতে এসেছিলেন। পরদিন নদীতে গোসলে নেমে নিখোঁজ হন তিনি। যে স্থান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে, ওই স্থান ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। স্রোতের কারণে তাঁর লাশ ভেসে গেছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গোসলের এক পর্যায়ে নদীতে ডুব দেন সাকিব। এরপর তাঁর আর খোঁজ মিলছিল না। খবর পেয়ে আশপাশের লোকজন ও স্বজনেরা মুহুরী নদীতে নেমে তাঁকে খুঁজতে থাকেন। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি।
ফায়ার সার্ভিসের পরশুরাম স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, নিখোঁজ ব্যক্তির খোঁজে ডুবুরি দল নদীতে সন্ধান চালিয়েছে। ডুবুরি দল ড্রামের তৈরি ভেলা দিয়েও দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেছে। তবে গতকাল রাত পর্যন্ত সাকিবের সন্ধান মেলেনি। নদীতে স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়েছিল।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিখোঁজের ঘটনাস্থল পরশুরাম মডেল থানা হওয়ায় তাদের এ বিষয়ে অবগত করা হয়েছে।
Published: প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯: ০৫
Source: https://www.prothomalo.com/bangladesh/district/v5n7cutky1
Comments
No comments yet
Be the first to share your thoughts!