Home Articles রাজনীতি

সরকার সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থ দেখছে: রুহিন হোসেন প্রিন্স

নিজস্ব প্রতিবেদক April 25, 2026
সরকার সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থ দেখছে: রুহিন হোসেন প্রিন্স

সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে ব্যবসায়ীদের স্বার্থ দেখছে বলে অভিযোগ সিপিবি নেতার।

ক্ষমতাসীন বিএনপি সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে ব্যক্তি, গোষ্ঠী ও সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থ দেখছে বলে অভিযোগ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘একদিকে জ্বালানিসংকট, অন্যদিকে কোনো গণ–আলোচনা ছাড়াই জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করছে।’ আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে রুহিন হোসেন প্রিন্স এ কথা বলেন। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, সরবরাহ নিশ্চিত করা, কৃষি রক্ষায় সেচের ডিজেল সরবরাহ ও গণপরিবহনের ভাড়া বাড়ানোর প্রতিবাদে সিপিবির ঢাকা মহানগর উত্তর শাখা এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে রুহিন হোসেন প্রিন্স বলেন, ডিজেলের মূল্যবৃদ্ধি কৃষিকে সংকটে ফেলেছে। সর্বত্র মূল্যবৃদ্ধিতে জনজীবনে সংকট বাড়ছে। সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে ব্যক্তি, গোষ্ঠী ও সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থ দেখছে। সারা দেশে প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলেও সরকার বাস্তব পরিস্থিতি অস্বীকার করে যাচ্ছে। সিপিবি ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি হাসান হাফিজুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন। সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য মোতালেব হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য সাজেদুল হক রুবেল ও লাকী আক্তার। তাঁরা অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, জ্বালানির স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা, কৃষি সেচে পর্যাপ্ত ডিজেল সরবরাহ, গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানান। এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তাঁরা।

Published: প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৩: ৪২

Source: https://www.prothomalo.com/politics/lpo52zbwwl

সিপিবি বিএনপি জ্বালানী সংকট

Comments

No comments yet

Be the first to share your thoughts!