বিচারপতির বাসায় শিক্ষককে অপমান, প্রতিবাদের ডাক
দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক
April 25, 2026

অবস্থান কর্মসূচি থেকে দয়াল স্যারের সঙ্গে হওয়া অন্যায়ের বিচার দাবি করা হবে। অভিযুক্ত বিচারপতি আলী রেজা ও তার স্ত্রী এবং সন্তানের দৃষ্টান্তমূলক শাস্তি চাওয়া হবে। #বিচারপতি #শিক্ষক #অপমান
নির্যাতিত শিক্ষক দয়াল চন্দ্র পাল। ছবি : সংগৃহীত রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের এক সিনিয়র শিক্ষক দয়াল পালকে বিচারপতির বাসায় ডেকে অপমান ও জোরপূর্বক ক্ষমা চাওয়ানোর অভিযোগকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে দশটায় রাজধানীর কাকরাইল ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির ডাক দেয়া হয়েছে। শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়েছে, অবস্থান কর্মসূচি থেকে দয়াল স্যারের সঙ্গে হওয়া অন্যায়ের বিচার দাবি করা হবে। অভিযুক্ত বিচারপতি আলী রেজা ও তার স্ত্রী এবং সন্তানের দৃষ্টান্তমূলক শাস্তি চাওয়া হবে। এর আগে এক ছাত্রের অভিযোগের জেরে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক দয়াল চন্দ্র পালকে বাসায় ডেকে অপমান ও জোরপূর্বক ক্ষমা চাওয়ানোর অভিযোগ ওঠে এক বিচারপতির বিরুদ্ধে। অভিযোগ, ওই শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক দয়াল চন্দ্র পাল ক্লাস টেনের একটি ক্লাস নেওয়ার সময় এক শিক্ষার্থীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাটি গতকাল শুক্রবার জানাজানি হওয়ার পর ছি-ছিক্কার রব ওঠে শিক্ষা মহলে। শিক্ষক মহলেও ক্ষোভের সৃষ্টি হয়। পরে অনুসন্ধান শুরু করে শিক্ষা বিষয়ক দেশের পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম ও শিক্ষার একমাত্র প্রিন্ট জাতীয় দৈনিক আমাদের বার্তা। এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। ঘটনার আদ্যোপান্ত তুলে ধরা হয় প্রকাশিত প্রতিবেদনে। শিক্ষকের ভাষ্য অনুযায়ী, ওই শিক্ষার্থী একটি বিষয় বারবার বুঝতে না পেরে শিক্ষককে বিরক্ত করছিলেন। একপর্যায়ে আচরণগত উত্তেজনা তৈরি হলে শিক্ষক তাকে শাসন করেন। পরে শিক্ষার্থী বাসায় গিয়ে ঘটনার ভিন্ন ব্যাখ্যা দেন। তারপর সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিচারপতি পিতা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। প্রিন্সিপাল সত্যতা যাচাই না করেই পক্ষপাতদুষ্ট আচরণ করেন এবং দয়াল পালকে বিচারপতির বাসায় পাঠান। সেখানে তাকে অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এমনকি তাকে সেই ছেলের কাছেই জোর করে ক্ষমা চাইতে বাধ্য করা হয়! এ ঘটনায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজেরই শিক্ষক হারুন অর রশিদ খান বলেন, অন্যায় না করেও বিচারপতির বাসায় গিয়ে একজন সিনিয়র শিক্ষককে শিক্ষার্থীর সামনে ক্ষমা ভিক্ষা করা লাগে! উল্টো তদন্ত হচ্ছে সম্মানিত শিক্ষকের- ধিক্কার। বিচারপতির বাসায় অপমানিত ওই শিক্ষক গতকাল শুক্রবার বিকেলে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ‘গত ১৫ এপ্রিলে স্কুলে ওই ঘটনার পরে আমাকে বিচারপতির বাসায় নিয়ে যাওয়া হয়। শুধু বিচারপতি নন, তার স্ত্রী সন্তানও আমার সাথে খারাপ ব্যবহার করেন। আমাকে ফৌজদারি মামলার ভয় দেখান। তারা বলেন, আমার বিরুদ্ধে শিক্ষার্থীকে শারীরিক শাস্তি দেওয়ার অভিযোগ এনে ফৌজদারী মামলা করা হবে। এরপর আমি সহকর্মীদের ঘটনাটি জানাই।’ জানা যায়, উইলসের অধ্যক্ষ শামসুল আলম ও বাংলা মাধ্যম শাখার প্রধান নাসির উদ্দিনের নির্দেশে বিচারপতির বাসায় যেতে বাধ্য হন শিক্ষক দয়াল চন্দ্র পাল৷ বিচারপতির বাসায় যাওয়ার সময় নাসির উদ্দিন সঙ্গে ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আ ন ম শামসুল আলম খান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিচারপতি তো ভিআইপি মানুষ। তিনি তার বাসায় ডেকে পাঠিয়েছেন শিক্ষক দয়াল চন্দ্র পালকে। আমি তাকে নাসির উদ্দিনসহ পাঠিয়ে দিয়েছি। নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলটির একাধিক শিক্ষক দৈনিক শিক্ষাডটকমকে জানান, আর্থিক ও নৈতিকভাবে অসৎ আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আলম। তার জন্যই আমাদের শিক্ষককে বিচারপতির বাসায় গিয়ে অপমানিত হতে হয়েছে। এমন ভূমিকায় অধ্যক্ষের পদত্যাগ চেয়েছেন শিক্ষকরা। #বিচারপতি #শিক্ষক #অপমানPublished: 25/04/2026 10:58 pm
Source: https://www.dainikshiksha.com/bn/news/teacher-insulted-at-judges-residence-calls-for-protest-369811
বিচারপতি
শিক্ষক
অপমান
Comments
No comments yet
Be the first to share your thoughts!