স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে ৫ শিক্ষার্থী অসুস্থ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা April 25, 2026
স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে ৫ শিক্ষার্থী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এছাড়া আরও ২৫ জন শিক্ষার্থী খাবার খাওয়ার পর অস্বস্তিবোধের কথা জানিয়েছে। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়নের চাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।...

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এছাড়া আরও ২৫ জন শিক্ষার্থী খাবার খাওয়ার পর অস্বস্তিবোধের কথা জানিয়েছে। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়নের চাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেফতাহুদ্দৌলা। বিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদেরকে দেওয়া সেদ্ধ ডিম ও পাউরুটি খাবার খাওয়ার কিছুক্ষণ পর পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে আরও ২৫ জন শিক্ষার্থী পেটে ব্যথা ও অস্বস্তির কথা জানায়। পরে শিক্ষার্থীদের ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছে। ঘটনার পর উপজেলা প্রশাসন সরবরাহকৃত খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর উদ্যোগ নিয়েছে। পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে খাবার সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান জানান, অসুস্থ শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হয়েছে এবং তারা সবাই এখন সুস্থ আছে। তিনি আরও জানান, উপজেলার ২৪০টি বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় খাবার সরবরাহ করে বেসরকারি সংস্থা ‘গ্রাম উন্নয়ন কর্ম (গাক)’। এ ঘটনায় সংস্থাটির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, গাকের সরবরাহ করা খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন না আসা পর্যন্ত তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বলা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শঙ্করবাটি-১নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই সংস্থার সরবরাহকৃত খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার ঘটনা ঘটে।

Published: প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ২১:৫৪

Source: https://www.ittefaq.com.bd/785954/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%96%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A7%AB-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80

চাঁপাইনবাবগঞ্জ স্কুল

Comments

No comments yet

Be the first to share your thoughts!