মাটিরাঙ্গায় নারিকেলগাছ ভেঙে পড়ে মারা গেলেন গৃহিণী

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নারিকেলগাছ ভেঙে পড়ে গৃহবধূর মৃত্যু
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙিনায় থাকা শুকনো নারিকেলগাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামের এক গৃহিণী মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বলিটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বপ্না সাহা মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী ননী সাহার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেলের দিকে বাড়ির উঠানে আমসত্ত্ব শুকানোর জন্য যান স্বপ্না সাহা। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই বাড়ির উঠানে থাকা নারিকেলগাছ ভেঙে পড়ে তাঁর শরীরের ওপর। ঘটনার পরপরই তাঁকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) মিল্টন ত্রিপুরা বলেন, ওই গৃহিণীকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।
মাটিরাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহেদ উদ্দিন বলেন, ‘নারিকেলগাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।’
Published: প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৭: ১২
Source: https://www.prothomalo.com/bangladesh/district/k15tymk4d8
Comments
No comments yet
Be the first to share your thoughts!