Home Articles ঢালিউড

‘লাভ ইউ’, ওমর সানীকে ভিডিও বার্তায় মৌসুমী

বিনোদন প্রতিবেদক May 06, 2026

‘তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে মিস করি। তুমি আমাদের জীবনে, আমার জীবনে বটগাছ হয়ে সব সময় থাকো।’

আজ ৬ মে চিত্রনায়ক ওমর সানীর জন্মদিন। বিশেষ এই দিনে ওমর সানীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তায় মৌসুমী বলেন, ‘শুভ জন্মদিন সানী। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে মিস করি। তুমি আমাদের জীবনে, আমার জীবনে বটগাছ হয়ে সব সময় থাকো।’

ভিডিও বার্তায় ওমর সানীকে উদ্দেশ করে মৌসুমী আরও বলেন, ‘বারবার তোমাকে আমরা এভাবেই পাশে চাই। সব সময়ের জন্য। আজকের এই দিনে তোমাকে যে জন্ম দিয়েছিলেন, সেই তোমার মায়ের জন্যও ভালোবাসা। তিনি না থাকলে তোমার জন্ম হতো না। তোমার জন্মদিনে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ, সানী।’

প্রায় তিন বছর ধরে মৌসুমী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন। তিনি তাঁর মায়ের সঙ্গে রয়েছেন। যে কারণে গত তিন বছর এই দিনে চিত্রনায়িকা স্ত্রী মৌসুমী তাঁর পাশে নেই। এ প্রসঙ্গ গত বছর ওমর সানী বলেছিলেন, ‘মৌসুমী না থাকায় একটা শূন্যতা কাজ করে। তবে আমার জন্মদিনে সেদিন থেকেই শূন্যতা, যেদিন আমার আম্মা মারা যান। ২০০০ সালের এই মাসের ২৩ তারিখেই আম্মা পৃথিবীর মায়া ত্যাগ করেন। এর পর থেকে এই দিনে ভাষাহীন থাকি। কিছুই ভালো লাগে না। বিবর্ণ থাকি।’

ঢাকাই সিনেমার সাফল্যময় দশক নব্বইয়ের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক ওমর সানী বহু দর্শকনন্দিত সিনেমায় কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন। তাঁর জন্ম ১৯৬৯ সালের ৬ মে, বরিশালে। পরিবারের উৎসাহ আর বাবার অনুপ্রেরণায় চলচ্চিত্রে পথচলা শুরু করেন সানী। ১৯৮৯ সালের দিকে দারাশিকো পরিচালিত ‘সুজন বাঁশি’ সিনেমায় প্রথম কাজ করেন, একটা সময় পর ছবিটির কাজ বন্ধ হয়ে যায়।

সেই সময় মানসিকভাবে ভেঙে পড়লেও আশা ছাড়েননি আত্মবিশ্বাসী এই নায়ক। ফিরে এসে টানা কাজ করে গেছেন। উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। পরের বছরে কাজ শুরু করেন নুর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ ছবির। তবে ঢালিউডে ওমর সানীর অভিষেক ঘটে ‘চাঁদের আলো’ ছবির মধ্য দিয়ে।

ওমর সানী অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘চাঁদের আলো’, ‘প্রেম প্রতিশোধ’, ‘মহৎ’, ‘প্রেমগীত’, ‘আখেরী হামলা’, ‘হারানো প্রেম’, ‘চাঁদের হাসি’, ‘দোলা’, ‘আত্ম অহংকার’, ‘কুলি’, ‘অধিকার চাই’, ‘রঙিন নয়নমনি’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘গরীবের রানী’, ‘চালবাজ’, ‘সুখের স্বর্গ’, ‘বাপের টাকা’, ‘প্রেমের অহংকার’, ‘ত্যাজ্যপুত্র’, ‘ঘাত প্রতিঘাত’, ‘কে অপরাধী’, ‘মধুর মিলন’, ‘তুমি সুন্দর’, ‘প্রিয় তুমি’, ‘আমি তুমি সে’, ‘পাগল তোর জন্য রে’, ‘আজব প্রেম’ ইত্যাদি।

Published: প্রকাশ: ০৬ মে ২০২৬, ১১: ১৫

Source: https://www.prothomalo.com/entertainment/dhallywood/zgektwr6cl

তারকার জন্মদিন সিনেমা ওমর সানী

Comments

No comments yet

Be the first to share your thoughts!