কাজ দিয়ে বিচার চান সাই
প্রতিনিধি
April 28, 2026

এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, পারিশ্রমিক বৈষম্য, ‘আঞ্চলিক অভিনেত্রী’ ট্যাগ এবং টাইপকাস্টিং নিয়ে খোলামেলা কথা বলেছেন সাই তামহঙ্কর।
ওয়েব সিরিজ ‘মটকা কিং’ ঘিরে আলোচনায় সাই তামহঙ্কর। গত বৃহস্পতিবার নবভারত টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, পারিশ্রমিক বৈষম্য, ‘আঞ্চলিক অভিনেত্রী’ ট্যাগ এবং টাইপকাস্টিং নিয়ে খোলামেলা কথা বলেছেন মারাঠি ও হিন্দি ছবির এই জনপ্রিয় অভিনেত্রী। বাবার পেশার কারণে ছোটবেলায় বেশির ভাগ সময় মায়ের সঙ্গেই কাটিয়েছেন সাই, ‘মা-ই আমাকে আত্মনির্ভর হতে শিখিয়েছেন। শক্ত আর সাহসী হয়ে ওঠার পেছনে তাঁরই বড় ভূমিকা।’ স্কুলজীবনে ‘কাবাডি গার্ল’ নামে পরিচিত ছিলেন তিনি। খেলাধুলা, চোট আর টমবয় স্বভাব—সব মিলিয়ে তাঁর বেড়ে ওঠা ছিল আলাদা। ‘কলেজ পর্যন্ত ছোট চুল, কারাতেতে অরেঞ্জ বেল্ট—এসবই আমাকে মানসিকভাবে শক্ত করেছে। আমি সব সময় স্পষ্টভাষী, তাই আমার সামনে কেউ ভুল কাজ করতে সাহস পায় না।’ বলছিলেন তিনি। তবে ক্যারিয়ারে ‘আঞ্চলিক অভিনেত্রী’ ট্যাগ তাঁকে ভাবিয়েছে। এই বিভাজন নিয়ে খানিকটা আক্ষেপের সুরেই বলেন, ‘কখনো কখনো কষ্ট হয়—আমাদের এভাবে ভাগ করা হয় কেন? আমরা তো দুই ইন্ডাস্ট্রিতেই সমান পরিশ্রম করি। দর্শকদের কাছে অনুরোধ, ভাষা দিয়ে নয়, কাজ দিয়ে বিচার করুন। তবে এই ট্যাগ ভাঙার ���ধ্যেও একধরনের আনন্দ আছে—এটাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।’ এই প্রসঙ্গে সাই ‘মিমি’র কথা উল্লেখ করেন, ‘ছবিটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এখান থেকেই আমি ট্যাগ থেকে বেরিয়ে আসতে পেরেছি, পুরস্কারও পেয়েছি।’ টাইপকাস্টিং বিষয়েও সাইয়ের অভিজ্ঞতা বেশ বাস্তবধর্মী। তিনি মনে করেন, দীর্ঘদিন ধরেই অভিনেত্রীদের নির্দিষ্ট কিছু চরিত্রে আটকে রাখার প্রবণতা রয়েছে। ‘এর থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় কখনো কখনো “না” বলা, কিন্তু সেটা খুব সহজ না।’ বলছেন তিনি। একই সঙ্গে তাঁর পর্যবেক্ষণ, ‘শুধু ইন্ডাস্ট্রি নয়, আমাদের সমাজও অনেকটাই পিতৃতান্ত্রিক। তবু এই পরিস্থিতির মধ্যেই মেয়েরা দারুণ কাজ করছে।’ পুরুষপ্রধান ইন্ডাস্ট্রিতে নারীদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠতেই সাই ইতিবাচক পরিবর্তনের দিকটি তুলে ধরেন। প্রিয়াঙ্কা চোপড়া ও সামান্থা রুথ প্রভুর মতো অভিনেত্রীর উদাহরণ টেনে তিনি বলেন, ‘গত কয়েক বছরে অনেক কিছু বদলেছে। তাঁরা এই পরিবর্তনের পথ তৈরি করেছেন। আগে পরিস্থিতি অনেক কঠিন ছিল, এখন অনেকটাই উন্নতি হয়েছে।’ পারিশ্রমিক বৈষম্যের বিষয়েও তাঁর দৃষ্টিভঙ্গি আশাবাদী। তিনি বলেন, ‘নেতিবাচক বিষয়গুলো নিয়েই বেশি আলোচনা হয়। কিন্তু এখন পারিশ্রমিকের ক্ষেত্রেও পরিবর্তন আসছে। অনেক ক্ষেত্রেই অভিনেত্রীরা অভিনেতাদের সমকক্ষ হয়ে উঠছেন।’ সবশেষে নিজের জীবনদর্শন স্পষ্ট করে দেন সাই তামহঙ্কর। তাঁর মতে, ‘প্রত্যেক মেয়েরই উচিত নিজের পায়ে দাঁড়ানো, সাহসী হওয়া। সমাজ যা-ই বলুক, নিজের শক্তিতেই এগিয়ে যেতে হবে।’ অ্যামাজন প্রাইম ভিডিওতে ১৭ এপ্রিল মুক্তি পেয়েছে ‘মটকা কিং’। নির্মাতা নাগরাজ মঞ্জুলে নির্মিত এই সিরিজে আরও অভিনয় করেছেন বিজয় ভার্মা, কৃতিকা কামরা, সিদ্ধার্থ যাদব, ভূপেন্দ্র জাদাওয়াত প্রমুখ।Published: প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৬: ৩০
Source: https://www.prothomalo.com/entertainment/bollywood/4w1njxsrow
অভিনয় শিল্পী
বলিউড তারকা
হিন্দি সিনেমা
Comments
No comments yet
Be the first to share your thoughts!