Home Articles বাংলাদেশ

জঙ্গি শব্দ ‘রিকগনাইজ’ করেন না স্বরাষ্ট্রমন্ত্রী, বললেন উগ্রপন্থী গোষ্ঠীর কথা

নিজস্ব প্রতিবেদক April 28, 2026
জঙ্গি শব্দ ‘রিকগনাইজ’ করেন না স্বরাষ্ট্রমন্ত্রী, বললেন উগ্রপন্থী গোষ্ঠীর কথা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জঙ্গিবাদী শব্দ স্বীকার করেন না, বলেছেন উগ্রপন্থী গোষ্ঠী সব দেশেই সক্রিয় থাকে।

দেশে জঙ্গিবাদী তৎপরতা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তিনি ওই শব্দকে ‘রিকগনাইজ’ (স্বীকৃতি দেওয়া) করেন না। তবে কিছু উগ্রপন্থী গোষ্ঠী রয়েছে, সব দেশেই এ ধরনের গোষ্ঠী সক্রিয় থাকে। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। দেশে জঙ্গি উত্থানের বিষয় জানা যাচ্ছে এবং বিমানবন্দরে নিরাপত্তাও বাড়ানো হচ্ছে—তো এই বিষয়টি আপনারা...এক সাংবাদিকের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের প্রশ্নগুলো বুঝতে পেরেছি। কিন্তু আমি ওই শব্দকে রিকগনাইজ (স্বীকৃতি দেওয়া) করি না। আমাদের দেশে এ রকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ (উগ্রপন্থী গোষ্ঠী) থাকে, পৃথিবীর সব দেশেই এ রকম অ্যাকটিভ (সক্রিয়) থাকে, র‍্যাডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে, এগুলোতে আমরা ইউজড টু, এগুলো থ���কে। কিন্তু সেই বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন আমাদের দেশের বর্তমান কালচারে (সংস্কৃতি) সেটা এখন আর নেই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়, তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে সেগুলোর এক্সিসট্যান্স (অস্তিত্ব) নেই।’ একটি বাহিনীরই কিছু সদস্যের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে ওঠা অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সব দেশেই ডিসিপ্লিনারি ফোর্সের মধ্যে, ডিফেন্স ফোর্সগুলোর মধ্যে একটা ইন্টেলিজেন্স উইং থাকে। নিজস্ব বাহিনীর কোনো সদস্য কোনোভাবে দেশবিরোধী বা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত কি না, সেটা ইন্টারনাল ইন্টেলিজেন্সের জন্য মিলিটারি ইন্টেলিজেন্স কাজ করে। সেটা সব বাহিনীতে থাকে এবং সমন্বিত একটা ফোর্সও থাকে এবং সেন্ট্রাল ভিজিলেন্স (কেন্দ্রীয় নজরদারি) থাকে। এগুলোর মধ্য দিয়ে কেউ যদি এ রকম কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে, তাদের ফাইন্ড আউট (খুঁজে বের) করা হয় এবং তাদের জন্য যে মিলিটারি আইনে যে সমস্ত প্রসিডিউর আছে, প্রসিডিং আছে সেগুলো ফলো করা হয়, ইট ইজ নাথিং নিউ (এটা নতুন কিছু নয়)।’ এর আগে গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সতর্কবার্তায় বলা হয়, নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে পারে। এরপর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে।

Published: প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১২: ৪৬

Source: https://www.prothomalo.com/bangladesh/gak5277y4b

সালাহউদ্দিন আহমেদ জঙ্গিবাদ বিএনপি সরকার

Comments

No comments yet

Be the first to share your thoughts!