Home Articles প্রযুক্তি

ইনস্টাগ্রামে এআই দিয়ে তৈরি প্রোফাইল শনাক্তে চালু হচ্ছে নতুন লেবেল

আহসান হাবীব September 07, 2026
ইনস্টাগ্রামে এআই দিয়ে তৈরি প্রোফাইল শনাক্তে চালু হচ্ছে নতুন লেবেল

বর্তমানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে নিজেদের ব্যবসা বা পণ্যের প্রচারণা করে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। বিষয়টি মাথায় রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ভার্চ্যুয়াল ইনফ্লুয়েন্সার তৈরি করে বিভিন্ন বিষয়ে কনটেন্ট (আধেয়) ইনস্টাগ্রামে প্রকাশ করে থাকেন অনেকেই। আর তাই এবার ভার্চ্যুয়াল ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্টগুলোর পরিচয় অন্যদের কাছে দৃশ্যমান করতে নতুন লেবেল চালু করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। ভার্চ্যুয়াল ইনফ্লুয়েন্সারগুলোর প্রোফাইলে এআই লেবেলটি যুক্ত না করলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা কনটেন্টের প্রচার সীমিত করে দেওয়া হবে। ফলে যাঁরা ভার্চ্যুয়াল ইনফ্লুয়েন্সারগুলোর অ্যাকাউন্ট অনুসরণ করেন না, তাঁরা কনটেন্টগুলো কম দেখতে পারবেন।

এক ব্লগ বার্তায় ইনস্টাগ্রাম জানিয়েছে, এআই দিয়ে তৈরি প্রোফাইল শনাক্ত করার ক্ষেত্রে নতুন লেবেল চালু করা হচ্ছে। এর ফলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইলে থাকা ব্যক্তির ছবি আসল, না এআই দিয়ে তৈরি করা হয়েছে, তা অন্য ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন। বর্তমানে এআই দিয়ে তৈরি প্রোফাইলের ক্ষেত্রে ‘এআই ক্রিয়েটর’ লেবেল ব্যবহার করা হলেও এই লেবেল ব্যবহারকারীদের বিভ্রান্ত করতে পারে। কারণ, এআই ক্রিয়েটর লেখা থাকলে অনেকের মনে হতে পারে, প্রোফাইলের ব্যক্তি একজন বাস্তব মানুষ এবং তিনি শুধু কনটেন্ট তৈরির কাজে এআই ব্যবহার করেন।

ইনস্টাগ্রামের তথ্যমতে, অ্যাকাউন্ট প্রোফাইলের ছবি সম্পর্কে বিভ্রান্তি এড়াতে পুরোনো ‘এআই ক্রিয়েটর’ লেবেলের নাম পরিবর্তন করে ‘এআই-জেনারেটেড প্রোফাইল’ করা হচ্ছে। নতুন এই লেবেল সরাসরি জানাবে, প্রোফাইলে দেখানো ব্যক্তির ছবি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। এআই দিয়ে তৈরি ইনফ্লুয়েন্সারদের পোস্ট, রিলস ও স্টোরিতেও এই লেবেল দেখানো হবে। পাশাপাশি অ্যাকাউন্টের মূল প্রোফাইলের নাম ও পরিচয়ের নিচে ‘এআই-জেনারেটেড প্রোফাইল’ ব্যাজ যুক্ত করা হবে।

ইনস্টাগ্রাম জানিয়েছে, কোনো প্রোফাইল এআই দিয়ে তৈরি হলেও সে বিষয়ে পরিচয় প্রকাশ না করলে ওই অ্যাকাউন্টের কনটেন্টের প্রচার কমানো হতে পারে। বিশেষ করে যাঁরা অ্যাকাউন্টটি অনুসরণ করেন না, তাঁদের কাছে কনটেন্ট সুপারিশের পরিমাণ কমবে। ফলে রিলস, এক্সপ্লোর ও ফিডের বিভিন্ন সুপারিশে এসব অ্যাকাউন্টের পোস্ট আগের তুলনায় কম দেখা যেতে পারে।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে তৈরি কনটেন্টের ব্যবহার বাড়ার পাশাপাশি এআইনির্ভর ইনফ্লুয়েন্সারদের সংখ্যাও বাড়ছে। এ পরিস্থিতিতে ব্যবহারকারীরা যে কনটেনট দেখছেন, সেটির উৎস সম্পর্কে তাঁদের আরও স্বচ্ছ ধারণা দিতে নতুন লেবেল চালুর উদ্যোগ নিয়েছে ইনস্টাগ্রাম।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Published: প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৫৪

Source: https://www.prothomalo.com/technology/2dmjw4agi1

ইনস্টাগ্রাম এআই

Comments

No comments yet

Be the first to share your thoughts!