ঈদের নামাজ ঘিরে উত্তেজনা, টাঙ্গাইলে ১৪৪ ধারা জারি

ইত্তেফাক ডিজিটাল ডেস্ক May 28, 2026
ঈদের নামাজ ঘিরে উত্তেজনা, টাঙ্গাইলে ১৪৪ ধারা জারি

ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের তাতশ্রী ঈদগাহ মাঠ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৭ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরা সুলতানা যূথি স্বাক্ষরিত এক...

ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের তাতশ্রী ঈদগাহ মাঠ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৭ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরা সুলতানা যূথি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাতশ্রী ঈদগাহ মাঠ এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।

উপজেলা প্রশাসন জানায়, ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে একই গ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ফৌজদারি কার্যবিধির আওতায় এ আদেশ জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় ঈদগাহ মাঠের ৪০০ গজের মধ্যে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, স্লোগান, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল বাজানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোঁটা বহন এবং বিস্ফোরক দ্রব্য রাখা নিষিদ্ধ করা হয়েছে।

তবে জরুরি চিকিৎসাসেবা ও খাদ্য সরবরাহসহ প্রয়োজনীয় সেবাগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

Published: প্রকাশ : ২৮ মে ২০২৬, ০৮:৪৯

Source: https://www.ittefaq.com.bd/790987/%E0%A6%88%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%98%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%89%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%AA%E0%A7%AA-%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF

টাঙ্গাইল ১৪৪ ধারা ঈদুল আজহা

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!