Home Articles যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউসের কাছে ‘সশস্ত্র সন্দেহভাজন’ ব্যক্তি, গোলাগুলিতে আহত

রয়টার্স May 05, 2026
হোয়াইট হাউসের কাছে ‘সশস্ত্র সন্দেহভাজন’ ব্যক্তি, গোলাগুলিতে আহত

ওই ব্যক্তি সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের দিকে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেছিলেন।

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের কাছে সশস্ত্র এক ‘সন্দেহজনক’ ব্যক্তির সঙ্গে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের গোলাগুলি হয়েছে। গতকাল সোমবার নিরাপত্তা সংস্থাটির কর্মকর্তারা এমন দাবি করেছেন। ওই ব্যক্তি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। পরে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের গুলিতে তিনি আহত হন। এই ঘটনার জেরে হোয়াইট হাউসে সাময়িকভাবে ‘লকডাউন’ জারি করা হয়েছিল। সেখানে কাউকে ঢুকতে ও বের হতে দেওয়া হয়নি। হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরে নিরাপত্তা টহলে থাকা কর্মকর্তারা ওই ‘সন্দেহজনক’ ব্যক্তিকে শনাক্ত করেন। সিক্রেট সার্ভিসের উপ পরিচালক ম্যাথিউ কুইন বলেছেন, ওই ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে সন্দেহ করা হচ্ছিল। এক সংবাদ সম্মেলনে কুইন বলেন, সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা কাছে আসতেই সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করে এবং তাঁদের দিকে গুলি চালায়। সিক্রেট সার্ভিসের সদস্যরা পাল্টা গুলি চালালে সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কু্ইন আরও বলেন, ঘটনার কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের গাড়ি বহর ওই এলাকা দিয়ে পার হয়েছে। তবে ভ্যান্সের গাড়ি বহরের কাছে যাওয়ার কোনো ইচ্ছা ওই সন্দেহভাজন ব্যক্তির মধ্যে ছিল কিনা–সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির গুলিতে এক কিশোর পথচারী আহত হয়েছে। তবে তার আঘাত গুরুতর নয়। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কুইন সাংবাদিকদের বলেন, ওই ব্যক্তিকে দেখে সিক্রেট সার্ভিসের সদস্যদের সন্দেহ হয়েছিল। কারণ, তাঁকে দেখেই মনে হচ্ছিল যে তাঁর কাছে অস্ত্র আছে। তিনি আরও বলেন, সন্দেহভাজন ব্যক্তি হোয়াইট হাউসের সীমানার বাইরে ছিলেন। গত মাসের শেষ দিকে ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ অনুষ্ঠান চলাকালে গুলির ঘটনার পর একজনকে গ্রেপ্তার করা হয়। ওই নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত ছিলেন। এর জেরে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। সোমবারের ঘটনাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর সম্প্রতি হওয়া ‘অন্যান্য হামলাচেষ্টার’ সঙ্গে সম্পর্কিত কিনা—এমন প্রশ্ন করা হলে ম্যাথিউ কুইন বলেন, ‘প্রেসিডেন্টকে নিশানা করতে এটা করা হয়েছিল কি না, তা আমি নিশ্চিত নই। তবে আমরা এ ঘটনার উদ্দেশ্য খুঁজে বের করব।’ সন্দেহভাজনের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ম্যাথিউ কুইন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগ এই ঘটনার তদন্ত করছে।

Published: প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৫: ০৭

Source: https://www.prothomalo.com/world/usa/3ap68t6zmm

ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস যুক্তরাষ্ট্র

Comments

No comments yet

Be the first to share your thoughts!