হারানো ৪৭টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

হারানো, চুরি হওয়া ৪৭টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছে রাঙামাটি জেলা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব মুঠোফোন উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মুঠোফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
জেলা পুলিশ জানায়, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া এসব মুঠোফোনের বিষয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগীরা। এরপর জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে মুঠোফোনগুলো উদ্ধার করেছেন।
মুঠোফোন হস্তান্তরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব। তিনি বলেন, ‘আমরা প্রযুক্তিভিত্তিক ও সেবামুখী পুলিশিং নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের নিরাপত্তা এবং হারিয়ে যাওয়া সম্পদ পুনরুদ্ধারে এই ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইনসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হারিয়ে যাওয়া মুঠোফোনগুলো ফিরে পেয়ে আনন্দিত মালিকেরা পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Published: প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১: ১১
Source: https://www.prothomalo.com/bangladesh/district/qq84g8py0r
Comments
No comments yet
Be the first to share your thoughts!