হোম আর্টিকেল মধ্যপ্রাচ্য

হামলা বন্ধের ঘোষণা ইরানের, তবে ইসরায়েল হামলা চালালে কঠোর জবাব

শুভা জিনিয়া চৌধুরী June 08, 2026
হামলা বন্ধের ঘোষণা ইরানের, তবে ইসরায়েল হামলা চালালে কঠোর জবাব

আপাতত হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। তবে ইসরায়েল যদি আবার ইরানে বা লেবাননে হামলা চালায়, তাহলে এর জবাব দেওয়া হবে।

ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘সশস্ত্র বাহিনীর চলমান অভিযান সমাপ্তির ঘোষণা দেওয়া হলো।’ পাশাপাশি বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ইসরায়েল যদি ইরান ও লেবাননে হামলা চালাতে থাকে তেহরান ‘আগের চেয়ে আরও কঠোর এবং শক্তিশালী’ জবাব দেবে।

সূত্র: বিবিসি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধের ময়দান ছাড়েনি আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার টেবিলও ছেড়ে যায়নি। আজ সোমবার এক এক্স বার্তায় এ কথা বলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, ‘কূটনীতি ও প্রতিরক্ষা— জাতীয় ক্ষমতার দুটি ডানা। আমরা যুদ্ধের ময়দান ছাড়িনি, আলোচনার টেবিলও ছাড়িনি।’

সূত্র: আল–জাজিরা।

ইয়েমেনের হুতি গোষ্ঠী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইসরায়েলের কোনো জাহাজ লোহিত সাগর দিয়ে চলাচল করতে পারবে না। হুতি সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি লোহিত সাগরে ইসরায়েলি সামুদ্রিক যানের চলাচলে ‘সম্পূর্ণ নিষেধাজ্ঞা’ ঘোষণা করেছেন।

ইরানের সমর্থনে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর হুতি সামরিক শাখা থেকে এ ঘোষণা এল।

সূত্র: আল জাজিরা।

পরস্পরের বিরুদ্ধে হামলা অবিলম্বে বন্ধ করতে ইসরায়েল ও ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প তাঁর মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে এই আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট তাঁর পোস্টে বলেন, ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পরস্পরের বিরুদ্ধে হামলা চালানো বন্ধ করতে হবে।

তথ্যসূত্র: আল–জাজিরা ও বিবিসি

ইরানের রাজধানী তেহরানের আকাশে ‘মার্কিন–জায়নবাদী শত্রুর’ একটি ড্রোন লক্ষ্যবস্তু করে তা ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ইরানের মেহর বার্তা সংস্থার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তেহরানের আকাশে ড্রোনটি উড়ছিল। তখন সেটিকে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভূপাতিত করে।

এর আগে ইরানের রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ছাড়া দেশটির ইস্পাহান শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, তারা ইসরায়েলের হাইফা শহরের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এর আগে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাহশহরের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েল। একে ‘মার্কিন–ইসরায়েলি’ হামলা হিসেবে অভিহিত করেছে আইআরজিসি। তারা বলেছে, এর বদলা হিসেবে তারা ইসরায়েলের হাইফায় অনুরূপ একটি কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আইআরজিসি সতর্ক করে বলেছে, এ অঞ্চলে বেসামরিক ও জ্বালানি–সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আরও হামলা হলে তার প্রভাব বৈশ্বিক অর্থনীতির ওপর পড়বে। এর দায়ভার যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে।

তথ্যসূত্র: আল–জাজিরা

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, ইসরায়েলে চালানো এই হামলা আরও ব্যাপক জবাবের একটি সতর্কবার্তা। যদি আগ্রাসনের পুনরাবৃত্তি হয়, তাহলে ইসরায়েল ও এই অঞ্চলে তার সমর্থকদের বিরুদ্ধে আরও ব্যাপক জবাব দেবে ইরান।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, ইসরায়েলি সেনাবাহিনীকে দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণাঞ্চলের উপশহরগুলোতে হামলা বন্ধ করতে হবে।

ইব্রাহিম জোলফাকারি বলেন, যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করে জায়নবাদী আগ্রাসী শাসনব্যবস্থা (ইসরায়েল) অপরাধী যুক্তরাষ্ট্রের সবুজসংকেত–সমর্থনে লেবাননের নিপীড়িত জনগণের ওপর দিন দিন নৃশংসতা বাড়িয়ে চলছে। জায়নবাদী সেনাবাহিনীকে দক্ষিণ লেবানন ও বৈরুতের উপশহরগুলোতে হামলা বন্ধ করতে বে। তারা যদি ওই অঞ্চলে হামলা আরও বিস্তৃত করে বা ইরানের পদক্ষেপের জবাব দেয়, তাহলে তাদের আরও কঠোর ও অনুশোচনীয় আঘাতের মুখোমুখি হতে হবে। তখন ওই শাসনব্যবস্থা ও তার সমর্থকদের বিরুদ্ধে ধ্বংসাত্মক হামলা শুরু হবে।

তথ্যসূত্র: রয়টার্স

ইসরায়েলে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইয়েমেনের বিদ্রোহী হুতি গোষ্ঠী। তারা বলেছে, অধিকৃত জাফা অঞ্চলে ইসরায়েলি শত্রুর সংবেদনশীল লক্ষ্যবস্তু নিশানা করে হামলা চালানো হয়েছে।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছিল, ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তারা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছে। এই হুমকি প্রতিহত করতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কাজ করছে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর পূর্ণ ও সর্বাত্মক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। তারা উত্তেজনার জবাব উত্তেজনা দিয়েই দেবে।

হুতি গোষ্ঠী বলেছে, ‘ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন ও ইরাকে আমাদের জনগণ এবং জিহাদ ও প্রতিরোধ অক্ষের জনগণের ওপর আরোপিত অন্যায্য অবরোধের মুখে আমরা নীর থাকব না।’

ইসরায়েলি সেনা রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সামরিক বাহিনীর মূল্যায়ন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে চলমান অভিযান কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

ইসরায়েলি সেনা রেডিওর সাংবাদিক ডোরন কাদোশের তথ্যমতে, ইসরায়েলি সামরিক বাহিনী ‘বৃহৎ পরিসরে রিজার্ভ সেনা সক্রিয় করার প্রস্তুতি নিচ্ছে। একাধিক রিজার্ভ ব্যাটালিয়ন ডাকা হতে পারে।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে কাদোশ আরও জানান, ইসরায়েল সীমান্ত এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করবে। বিশেষ করে অধিকৃত পশ্চিম তীর–জর্ডান সীমান্তে। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ডও আজ সকালে বড় পরিসরে রিজার্ভ সেনা স্রিয় করা শুরু করেছে।

ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নিরাপত্তা–সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক আহ্বান করতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় বেলা ১১টায় তিনি এই বৈঠক ডাকবেন বলে একাধিক ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে।

দ্য টাইমস অব ইসরায়েল এক বেনামী সূত্রের বরাতে জানিয়েছে, বৈঠকটি হবে সীমিত পরিসরে। এতে অল্পসংখ্যক গুরুত্বপূর্ণ মন্ত্রী অংশ নেবেন।

ইরানে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, তারা ইসরায়েলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটি নিশানা করে হামলা চালিয়েছে।

আইআরজিসি জানায়, কিছু আগেই এসব হামলা চালানো হয়।

আইআরজিসি বলছে, ইরানের তিনটি অঞ্চলে রাডার স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে। এর জবাবে তারা এই হামলা চালিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাহশহরে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে।

আইডিএফ বলেছে, এই হামলায় কমপ্লেক্সের বিভিন্ন অংশে আঘাত হানা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে উল্লেখ করেছে আইডিএফ।

এর আগে ইরানের গণমাধ্যমগুলো দেশটির সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে এই হামলার খবর প্রকাশ করে।

ইরানি গণমাধ্যম আরও জানায়, ক্ষয়ক্ষতি ও সম্ভাব্য হতাহতের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সৌদি আরবের আল–খারজ বিমানঘাঁটিতে ‘বিস্ফোরণের’ শব্দ শোনো গেছে। এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান।

ইরানের সম্প্রচারমাধ্যম আইআরআইবি দেশটির একজন সামরিক কর্মকর্তার বরাতে এ খবর প্রকাশ করেছে।

নাম প্রকাশ না করা ইরানি সামরিক কর্মকর্তা বলেন, ইরান আল–খারজ বিমানঘাঁটি নিশানা করে কোনো হামলা চালায়নি।

এর আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ দেশটির আল–খারজ গভর্নরেটে সতর্কতা জারি করে।

আল–খারজ বিমানঘাঁটিতে বিস্ফোরণের খবর প্রকাশের পর ইরানের পক্ষ থেকে হামলার কথা অস্বীকার করা হলো।

জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস আজ সোমবার বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ইসরায়েলের ‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতির’ কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে এই দূতাবাস জানিয়েছে, সব মার্কিন সরকারি কর্মীকে নিজ নিজ স্থানে আশ্রয় নিতে এবং সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: বিবিসি

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল ইয়াল জামিরসহ জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তারা গত কয়েক ঘণ্টা ধরে ধারাবাহিকভাবে পরিস্থিতি পর্যালোচনা করে যাচ্ছেন। তাঁরা ইরানের ওপর ইসরায়েলের হামলা পরিচালনা ও তদারকি করছেন।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী লিখেছে, ইসরায়েল রাষ্ট্রকে হুমকি দেয়—এমন যে কারও বিরুদ্ধে সব ক্ষেত্রে (সেক্টরে) অভিযান চালিয়ে যেতে তারা সতর্ক, সম্পূর্ণ প্রস্তুত।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আরেক দফায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তারা এই ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

এক বিবৃতিতে আইডিএফ বলেছে, এই হুমকি প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কাজ করছে।

সতর্কবার্তা পেলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে আইডিএফ।

তথ্যসূত্র: রয়টার্স ও বিবিসি

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তারা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছে।

আইডিএফ বলেছে, এই হুমকি প্রতিহত করতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কাজ করছে।

দ্য টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, জেরুজালেম, তেল আবিবসহ মধ্য ইসরায়েলের আশপাশের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।

আইডিএফ আরও বলেছে, পরিস্থিতি মূল্যায়নের পর দেশজুড়ে মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্র বা সুরক্ষিত স্থান থেকে বের হওয়ার অনুমি দেওয়া হয়েছে।

ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলা হচ্ছে রাজধানী তেহরানেও। তবে তেহরানের শহর এলাকার কোনো লক্ষ্যবস্তুতে হামলা হয়নি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

তেহরানের ফায়ার সার্ভিসের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আজ সোমবার ভোরে রাজধানীর পশ্চিমাংশে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তেহরান ছাড়াও ইরানের তাবরিজ, ইস্পাহান ও কারাজের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তবে এসব বিস্ফোরণের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রাথমিকভাবে জানা যায়নি।

ইসরায়েলের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর আজ সোমবার সকালে এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে।

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে হওয়া নাজুক যুদ্ধবিরতির পর এই প্রথম ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান। ইসরায়েলও পাল্টা হামলা চালাচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে।

বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম সোমবার সকালে ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।

এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে জ্বালানি তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা গেছে। গত এক সপ্তাহ ধরে প্রতি ব্যারেলের দাম প্রায় ৯৫ ডলারের আশপাশে ঘোরাফেরা করছে।

বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা ও জ্বালানি প্রবাহের ওপর যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব কী হতে পারে, তা নিয়ে ব্যবসায়ীসহ বিনিয়োগকারীরা হিসাব-নিকাশ করছেন।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই তথ্য জানিয়েছে

আইআরজিসির এই বক্তব্য ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশ করেছে। আইআরজিসি বলেছে, আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের ভূখণ্ডে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল।

ইরানের পশ্চিম আর মধ্যাঞ্চলে হামলা শুরু হয়েছে। দেশটির রাজধানী তেহরানে অন্তত দুটি ‘শক্তিশালী’ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন টেলিগ্রামে জানায়, ইরানের তিনটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তেহরান, তাবরিজ ও ইস্পাহানে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। মধ্যাঞ্চলের কারাজ শহরের পাশেও বিস্ফোরণ হয়েছে।

ইরনা–এর খবর, তেহরানে অন্তত দুটি ‘শক্তিশালী’ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আর ইস্পাহানে অন্তত তিনটি বিস্ফোরণ হয়েছে।

ইসরায়েল জানিয়েছে, ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলজুড়ে সামরিক লক্ষ্যবস্তুগুলোয় বিমান হামলা চালানো হচ্ছে।

তথ্যসূত্র: বিবিসি ও আল–জাজিরা

ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। সামাজিক মাধ্যম টেলিগ্রামে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, কিছুক্ষণ আগে ইসরায়েলি বিমানবাহিনী ইরানের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। খবর এএফপির।

তবে হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানানো হয়নি। ঠিক কোথায় এই হামলা চালানো হয়েছে তাও ওই পোস্টে জানানো হয়নি।

এদিকে ইরানের স্থানীয় গণমাধ্যমের খবরে রোববার জানা গেছে, তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে বাইরে থেকে আসা সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

ইরানের বার্তা সংস্থা মেহরের খবর বলছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত এপ্রিল মাসে এই বিমানবন্দরটি চালু করা হয়।

গত এপ্রিলের শুরুর দিকে হওয়া যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই রোববার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

Published: 2026-06-08T12:21:40.995Z

Source: https://www.prothomalo.com/world/middle-east/mbx9gzn7hc

বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ ইরান যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ ইসরায়েল হামলা

মন্তব্য

এখনো কোন মন্তব্য নেই

আপনার চিন্তা শেয়ার করতে প্রথম হতে!