Home Articles স্কুল

গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক April 30, 2026
গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

অন্যদিকে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, শিক্ষা খাতে সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির আওতায় বাংলাদেশকে সহযোগিতা করতে সিঙ্গাপুর প্রস্তুত রয়েছে। #সিঙ্গাপুর #গণশিক্ষা প্রতিমন্ত্রী #ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি। আজ বৃহস্পতিবার প্রতিমন্ত্রীর অফিসকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষের সহযোগিতা জোরদারের নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক অংশীদারত্ব আরও বিস্তৃত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে দেশের প্রাথমিক শিক্ষা উন্নয়ন বিষয়ে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রীর ভিশন ‌‘দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠনকে প্রাধান্য দিয়ে প্রযুক্তিভিত্তিক, যুগোপযোগী এবং কর্মসংস্থানমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা’-কে সামনে রেখে বাংলাদেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, পাঠ্যক্রম উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সিঙ্গাপুরের সহযোগিতা সম্প্রসারণে আহ্বান জানান। অন্যদিকে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, শিক্ষা খাতে সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির আওতায় বাংলাদেশকে সহযোগিতা করতে সিঙ্গাপুর প্রস্তুত রয়েছে। বিশেষ করে সরকারি কর্মকর্তা ও শিক্ষা প্রশাসনের প্রতিনিধিদের জন্য স্টাডি প্রোগ্রাম আয়োজনের মাধ্যমে সিঙ্গাপুরের শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া যেতে পারে। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের প্রাথমিক শিক্ষায় মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান (Foundational Literacy and Numeracy-FLN) উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভাষা শিক্ষার ক্ষেত্রে পাঠ অনুধাবন, শ্রবণদক্ষতা, কথোপকথন, লেখা এবং ভাষাগত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ নতুনভাবে কাজ করতে চায়। এ বিষয়ে সিঙ্গাপুরের প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিশ্বব্যাপী অত্যন্ত কার্যকর ও সুপরিকল্পিত হিসেবে বিবেচিত হওয়ায় বাংলাদেশ তা থেকে অভিজ্ঞতা অর্জনে আগ্রহ প্রকাশ করে। উভয়পক্ষই আশাবাদ ব্যক্ত করে যে, যৌথ উদ্যোগ ও অংশীদারত্বের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের উন্নয়ন সহযোগিতা আরও গতিশীল হবে। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী উপস্থিত ছিলেন। #সিঙ্গাপুর #গণশিক্ষা প্রতিমন্ত্রী #ববি হাজ্জাজ

Published: 30/04/2026 04:08 pm

Source: https://www.dainikshiksha.com/bn/news/singapores-charge-daffaires-meets-with-state-minister-of-primary-and-mass-education-370341

সিঙ্গাপুর গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

Comments

No comments yet

Be the first to share your thoughts!