গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলা, আটক ১

গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাঁকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। হামলাকারীকে আটক করেছে পুলিশ।
গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে আহত অবস্থায় তাঁকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
হামলার শিকার ওই সাংবাদিকের নাম হোসাইন আলী। তিনি স্টার নিউজের গাজীপুর প্রতিনিধি। আটক ব্যক্তির নাম মোহাম্মদ জুয়েল। প্রাথমিকভাবে তাঁর ঠিকানা জানা যায়নি। পুলিশের ধারণা, তিনি ছিনতাইয়ের সঙ্গে জড়িত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিল্পকারখানার শ্রমিকেরা ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছিলেন। সেই সংবাদ সংগ্রহ করছিলেন হোসাইন আলী। এ নিয়ে তিনি চ্যানেলে একটি লাইভ সম্প্রচারও করেন। লাইভ শেষ করে দুপুরে তিনি গাজীপুরের চৌরাস্তা পুলিশ বক্সে বসে কাজ করছিলেন। সে সময় তাঁর ওপর অতর্কিত হামলা চালান এক যুবক। পুলিশ বক্সে তখন আর কেউ ছিলেন না। চিৎকার শুনে ছুটে এসে তাঁকে উদ্ধার করেন এক পুলিশের সদস্য। পরে স্থানীয় মানুষের সহযোগিতায় হামলাকারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
সাংবাদিক হোসাইন আলী বলেন, ‘আমি সকাল থেকেই চৌরাস্তায় কাজ করছিলাম। হামলাকারী বেশ কয়েকবার এসে আমার নাম জিজ্ঞেস করেছে। কিন্তু ব্যস্ত থাকায় তার সঙ্গে কথা বলতে পারিনি। পরবর্তী সময়ে আমি যখন পুলিশ বক্সে বসে অফিসের কাজ করছিলাম, তখন লোকটি এসে হঠাৎ করে আমার ওপর হামলা চালায়। আমি তাকে আগে দেখিনি। তার সঙ্গে আমার কোনো পরিচয় নেই।’
নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, গাজীপুর চৌরাস্তায় অসংখ্য মাদকসেবী ও ছিনতাইকারী থাকে। তারা এই হামলায় জড়িত থাকতে পারে। গাজীপুর চৌরাস্তায় কোনো সাংবাদিক এলেই তাঁদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে এই অপরাধীরা।
প্রকাশ্যে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন গাজীপুরের পেশাদার সাংবাদিকেরা। তাঁরা দ্রুত সময়ের মধ্যে এই হামলার পেছনের রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, ‘প্রাথমিকভাবে যাচাই–বাছাই শেষে মনে হচ্ছে, আটক ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনি জানিয়েছেন, তাঁর মা হাসপাতালে ভর্তি। আমরা তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করছি। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।’
Published: প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৪: ১৪
Source: https://www.prothomalo.com/bangladesh/district/6wma3wf0de
Comments
No comments yet
Be the first to share your thoughts!