Home Articles রাজনীতি

এনসিপি কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত, বাণিজ্যচুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক July 22, 2026
এনসিপি কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত, বাণিজ্যচুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে সাবেক অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপির কার্যালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত। তাঁর সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান ও রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্ট।

বৈঠকে নাহিদ ইসলামের সঙ্গে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং সদস্য মনিরা শারমিন ও নাভিদ নওরোজ শাহ্ উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, গণতান্ত্রিক উত্তরণ, এনসিপির রাজনৈতিক দর্শন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সাম্প্রতিক বাণিজ্যচুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছে এনসিপি। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বর্তমান বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়েছে। একই সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় হয়েছে।

আলোচনায় এনসিপি নেতারা সাম্প্রতিক বাণিজ্যচুক্তির বিভিন্ন দিক নিয়ে জনগণের মধ্যে বিদ্যমান পরশ্ন ও উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, এর জবাবে মার্কিন রাষ্ট্রদূত ও তাঁর প্রতিনিধিদল সেসবের ব্যাখ্যা দেন এবং চুক্তিটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনার আহ্বান জানান। এই চুক্তি ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে এবং উভয় দেশের জনগণের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলেও মার্কিন প্রতিনিধিদলের পক্ষ থেকে মতপ্রকাশ করা হয়।

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ সময় এনসিপি নেতারা গণভোটের রায়কে যথাযথ গুরুত্ব না দিয়ে সরকারের পক্ষ থেকে সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে সংস্কার বাস্তবায়নের উদ্যোগ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। মার্কিন রাষ্ট্রদূত রাজনৈতিক সংলাপ, অংশগ্রহণমূলক প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট সব পক্ষের সম্পৃক্ততার মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর বিশেষ জোর দেন।

বৈঠক শেষে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং গঠনমূলক সংলাপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নাহিদ ইসলাম। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদসহ প্রতিনিধিদলের সদস্যরা।

Published: প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২: ৪৪

Source: https://www.prothomalo.com/politics/mr5nzcj98l

রাষ্ট্রদূত রাজনীতি বাণিজ্য চুক্তি যুক্তরাষ্ট্র জাতীয় নাগরিক পার্টি

Comments

No comments yet

Be the first to share your thoughts!