দেশেই তাঁবু ও ক্যাম্পিং সরঞ্জামের কারখানা হচ্ছে, বিনিয়োগ করছে হংকং ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস

তাঁবু ও ক্যানোপি (অস্থায়ী পোর্টেবল ছাউনি); ওয়াটারপ্রুফ ডাফেল ব্যাগ ও স্লিপিং ব্যাগ; ভাঁজ করা যায় এমন বালিশ, তোশক ও এয়ার পিলো; মশারি, কার্পেট, মাদুর; ভাঁজ করা যায় এমন চেয়ার ও বিভিন্ন ধরনের ঝুড়ি তৈরি হবে।
চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে তাঁবু ও ক্যাম্পিং সরঞ্জাম তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস ও চীন (হংকং) ভিত্তিক যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান সানশাইন আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেড।
প্রতিষ্ঠানটি এখানে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৪ কোটি ৫০ লাখ বা প্রায় পৌনে ২০০ কোটি টাকার সমান। এখানে কর্মসংস্থান হবে প্রায় তিন হাজার বাংলাদেশি নাগরিকের।
আজ বুধবার রাজধানীর গ্রিন রোডে অবস্থিত বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কার্যালয়ে এই বিনিয়োগ–সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন ও সানশাইন আউটডোরের চেয়ারম্যান লিয়াং ডিফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেপজা এ তথ্য জানিয়েছে।
বেপজা জানায়, নতুন এই কারখানায় বছরে প্রায় ১৫ লাখ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদিত হবে। এর মধ্যে রয়েছে তাঁবু ও ক্যানোপি (অস্থায়ী পোর্টেবল ছাউনি); ওয়াটারপ্রুফ ডাফেল ব্যাগ ও স্লিপিং ব্যাগ; ভাঁজ করা যায় এমন বালিশ, তোশক ও এয়ার পিলো; মশারি, কার্পেট ও মাদুর; ভাঁজ করা যায় এমন চেয়ার ও বিভিন্ন ধরনের ঝুড়ি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। তিনি বাংলাদেশকে, বিশেষ করে বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগের জন্য বেছে নেওয়ায় সানশাইন আউটডোরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এই বিনিয়োগ আমাদের রপ্তানি পণ্য বহুমুখীকরণের লক্ষ্যকে আরও গতিশীল করবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Published: প্রকাশ: ২০ মে ২০২৬, ১৪: ০০
Source: https://www.prothomalo.com/business/industry/o353aj6ok7
Comments
No comments yet
Be the first to share your thoughts!